১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুইডেনের নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোটের জয়

পার্লামেন্ট নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনার পর বিরোধীদলীয় জোটের জয় নিশ্চিত হয়েছে, যদিও দুপক্ষের মধ্যে ব্যবধান অল্প।

সুইডেনের নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোটের জয়

সুইডেনের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় মঞ্চে হাততালি দিচ্ছেন সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মাগদালেনা আন্দারশন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 02:05 PM

Updated : 17 Sep 2026, 02:05 PM

সুইডেনের জাতীয় নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোটের কাছে পরাজিত হয়েছে ক্ষমতাসীন ডানপন্থি জোট।

বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসভিটি জানিয়েছে, পার্লামেন্ট নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনার পর বিরোধীদলীয় জোটের জয় নিশ্চিত হয়েছে, যদিও দুপক্ষের মধ্যে ব্যবধান অল্প।

রয়টার্স জানিয়েছে, সুইডেনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের দিকে যখন এক শতাংশেরও কম জেলার ভোট গণনা বাকি ছিল, তখন দুই জোটের ভোটের ব্যবধান ছিল ২৬ হাজার ১৬৯টি।

এ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, বিরোধীদলীয় নেতা মাগদালেনা আন্দারশনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বাধীন জোট সুইডেনের পার্লামেন্ট রিক্সদাগের ৩৪৯ আসনের মধ্যে ১৭৫টিতে জয় পেতে যাচ্ছে। এর ফলে সুইডেনে সরকার পরিবর্তন হতে পারে।

এসভিটি বলেছে, “এই পর্যায়ে পরিস্থিতির মোড় ঘোরার সম্ভাবনা এতটাই কম যে আমরা দৃঢ়ভাবে বলতে পারি, এই নির্বাচনে বিরোধীদলই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে।”

সুইডেনের নির্বাচনী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী উল্‌ফ ক্রিস্টেরশনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থি জোট ১৭৪টি আসন জয়ের পথে ছিল। এই জোটে কট্টর ডানপন্থি সুইডেন ডেমোক্র্যাটস পার্টিও আছে।

নির্বাচনী কর্তৃপক্ষ শেষ দিকে বাড়ি ও বিদেশ থেকে আসা ভোটগুলো গণনা করছিল। তারা জানিয়েছে, সব ভোট গণনা করার পর ফলাফল ঘোষণা করতে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।