অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ মার্কিন মেরিন সেনা নিহত
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স সেনাদের যৌথ মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে থাকার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন মেরিন সেনা নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।
এমভি-২২বি অসপ্রে হেলিকপ্টারটি ডারউইনের উত্তরে প্রত্যন্ত তিউই দ্বীপে যাওয়ার পথে ভূপাতিত হয়। ৫ মেরিন সেনার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে খবরে।
হেলিকপ্টারটি প্রিডেটরশ রান প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল। এ মিশনে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার ২ হাজার ৫০০ সেনা। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কেবল মার্কিন সেনা সদস্যরাই ছিল।
রোববার অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির রাজধানী ডারউইনের উত্তরে মেলভিল আইল্যান্ডে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ দুর্ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন এবং বলেছেন, আহতদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে যৌথ মহড়া চলাকালে একমাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা।
