২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধবিরতির আলোচনা করতে ইয়েমেন যাচ্ছে’ সৌদি প্রতিনিধিদল

স্থায়ী একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও ওমানের কর্মকর্তারা সানা যাবেন বলে জানা গেছে।

‘যুদ্ধবিরতির আলোচনা করতে ইয়েমেন যাচ্ছে’ সৌদি প্রতিনিধিদল

ইয়েমেনের রাজধানী সানার আকাশে হুতিদের একটি সামরিক হেলিকপ্টার। ফাইল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 03:32 PM

Updated : 08 Apr 2023, 03:32 PM

আট বছর পুরনো সংঘাতের অবসানে সৌদি আরব ও ওমানের দূতেরা আগামী সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানা যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন এ সংক্রান্ত আলাপে সম্পৃক্ত দুই ব্যক্তি।

ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি আন্দোলনের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে ওই দুই দেশের কর্মকর্তারা সেখানে যাবেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা।  

সৌদি আরব ও ইরান সম্পর্ক পুনর্স্থাপনে গত মাসে চীনের মধ্যস্থতায় চুক্তি করার পর দুই পক্ষের মধ্যকার বছরের পর বছর ধরে চলে আসা বৈরিতা ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে একে অপরের বিরোধী পক্ষকে সমর্থন দেওয়াসহ সম্পর্কের ফাটল যে ধীরে ধীরে জোড়া লাগছে, এই পদক্ষেপ সেই সংকেতই দিচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

রয়টার্স বলছে, সৌদি কর্মকর্তাদের সানা সফর রিয়াদ ও হুতি আন্দোলনের মধ্যকার আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেবে। জাতিসংঘের শান্তি প্রচেষ্টার পাশাপাশি ওমানের মধ্যস্থতায় এ দু’পক্ষের মধ্যে আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।

ওমান কয়েক বছর ধরেই সীমান্তবর্তী প্রতিবেশী ইয়েমেনে বিবদমান পক্ষগুলো মধ্যকার বিরোধ মীমাংসা করে সেতু গড়তে চেষ্টা চালিয়ে আসছে; যে বিবদমান পক্ষগুলোর সঙ্গে ইরান, সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তি ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি জড়িয়ে আছে।

ইয়েমেন একটি স্থায়ী যুদ্ধবিরতি হলে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

দুইপক্ষের মধ্যে এই সংক্রান্ত কোনো চুক্তি হলে তা ২০ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হতে যাওয়া ঈদের ছুটির আগেই ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

এ প্রসঙ্গে রয়টার্স সৌদি ও ইয়েমেনি সরকারের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি। 

২০১৪ সালের শেষভাগে সানার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করা হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তারা বলছে, তারা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে।

ইরানঘনিষ্ঠ এই গোষ্ঠীটি ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন একটি সামরিক জোটের বিরুদ্ধে লড়ছে। এ লড়াই এরই মধ্যে লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুদ্ধের কারণে ইয়েমেনের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দেওয়া মানবিক ত্রাণ সাহায্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

বেইজিংয়ে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক