০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর কথা বিবেচনা করছে সিরিয়া

হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৌদি আরব সিরিয়াকে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছিল।

সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর কথা বিবেচনা করছে সিরিয়া

সৌদি আরব সফরকালে ৬ অক্টোবর রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 01:29 PM

Updated : 08 Oct 2026, 01:59 PM

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে যুদ্ধ তীব্র হয়ে ওঠার মধ্যে প্রধান মিত্র সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি সতর্কভাবে বিবেচনা করছে সিরিয়া।

এ বিষয়ে অবগত এক মার্কিন ও এক সিরীয় সামরিক কর্মকর্তা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

এই সূত্রগুলো জানিয়েছেন, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে রয়েছে দেশটিকে আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়া অথবা হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীগুলোকে সাহায্য করার জন্য আক্রমণাত্মক ভূমিকায় বাহিনী মোতায়েন।

ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৌদি আরব সিরিয়াকে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছিল।

এসব বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক জানান, হুতিদের হামলার মুখে সিরিয়া দৃঢ়ভাবে সৌদি আরবের পাশে আছে, কিন্তু সিরিয়া সরকারের প্রাথমিক মনোযোগ গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার মতো অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করা।

এক বিবৃতিতে ওই কূটনীতিক বলেছেন, “সৌদি আরব যদি কোনো ধরনের সামরিক সহযোগিতা বা দক্ষতার আদান-প্রদানের অনুরোধ জানায়, তবে তা একান্তভাবেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এবং আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সম্পর্ক পরিচালনাকারী দ্বিপাক্ষিক চুক্তিসমূহের কাঠামোর আওতায় সম্পন্ন হবে।”

এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সৌদি আরবের গণমাধ্যম দপ্তর ও ইয়েমেনের তথ্যমন্ত্রী।

হুতিদের টানা কয়েক সপ্তাহের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইয়েমেনের এই গোষ্ঠীটির বিরুদ্ধে ফের শুরু হওয়া যুদ্ধে আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক, উভয় ধরনের সমর্থন পাওয়ার জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ এবং পশ্চিম এশিয়াসহ কাছে-দূরের বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়ে আসছে।