২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনাপূর্ণ চীন সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েক দিন পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই সেনা মোতায়েনের কথা জানালেন।

উত্তেজনাপূর্ণ চীন সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 08:27 PM

Updated : 20 Dec 2022, 08:30 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ এক সীমান্ত এলাকায় নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে তার দেশ।

সোমবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েক দিন পর জয়শঙ্কর এই সেনা মোতায়েনের কথা জানালেন। তিনি বলেন, সীমান্ত অঞ্চলের স্থিতাবস্থা চীনকে একতরফাভাবে পরিবর্তন করতে দেবে না ভারত।

চীন ও ভারতের মধ্যে ৩৪৪০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত আছে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামের এই সীমান্ত দুর্বলভাবে চিহ্নিত করা।

পার্বত্য অঞ্চলের বহু নদী, হ্রদ ও তুষার আবৃত পর্বতের কারণে এই ‘লাইন’ অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। তখন অনেক পয়েন্টেই বিশ্বের দুই বৃহত্তম সেনাবাহিনীর সেনারা মুখোমুখি দাঁড়িয়ে যায়।

উত্তেজনার পারদ চড়তে চড়তে কখনো কখনো ছোটখাট খণ্ডযুদ্ধ বেধে যায়। ২০২০ সালে লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় এ ধরনের সমস্যা থেকে উভয়পক্ষের মধ্যে বড় একটি লড়াই হয়েছিল।

সবশেষ গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্প কিছু সেনা সামান্য জখম হয়েছে।

ভারত বলছে, চীনা সেনাদের অনুপ্রবেশের কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সংঘর্ষের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে এবং দুই পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে।

সোমবার ইন্ডিয়া টুডে কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আজ চীন সীমান্তে ভারতীয় সেনাদের এমনভাবে মোতায়েন করা হয়েছে, যা আগে কখনো হয়নি। চীনের আগ্রাসন মোকাবেলায় এটি করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) একতরফাভাবে পরিবর্তনের চেষ্টা রুখে দিতে আজ ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে।”

তবে জয়শঙ্করের এ বক্তব্য নিয়ে চীন এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

চীন-ভারত সীমান্তে সর্বসাম্প্রতিক সংঘর্ষের ঘটনা নিয়ে গত সপ্তাহে রাজনৈতিক অঙ্গনে শোরগোল হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদলগুলোর অবিলম্বে আলোচনা শুরুর দাবি পূরণ না হওয়ায় তারা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, সরকার চীনের হুমকির ব্যাপারে উদাসীন। সীমান্তে চীনা সেনারা ভারতীয় সেনাদের নাস্তানাবুদ করছে বলেও তিনি অভিযোগ করেন।

এর প্রতিক্রিয়ায় সোমবার ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, রাহুল গান্ধী তার কথার মধ্য দিয়ে ভারতীয় সেনাদের ‘অসম্মান’ করেছেন। পরিস্থিতি নিয়ে সরকারের নির্বিকার - এমন অভিযোগ অস্বীকারও করেছেন তিনি।

জয়শঙ্কর বলেন, “আমরা চীনের ব্যাপারে নির্বিকার থাকলে সীমান্তে ভারতীয় সেনা কে পাঠাল? আমরা নির্বিকার হলে কেন আমরা আজ চীনকে উত্তেজনা নিরসনে চাপ দিচ্ছি?”