২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল ফিরল পৃথিবীর কক্ষপথে

চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে এনেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ভারতের চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল ফিরল পৃথিবীর কক্ষপথে

ছবি: ইসরো/বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 09:25 PM

Updated : 05 Dec 2023, 09:24 PM

ভারত চাঁদে মহাকাশযান পাঠিয়ে তা ফিরিয়েও এনেছে সফলভাবে। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে এনেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

এই প্রোপালশন মডিউলে করেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। যার পেটের ভেতর ছিল রোভার প্রজ্ঞান। ল্যান্ডার বিক্রমের অবতরণের পর প্রায় সাড়ে তিনমাস চাঁদের কক্ষপথে ঘুরছিল প্রোপালশন মডিউলটি। চন্দ্রাভিযান সফল হওয়ার পর, এবার চন্দ্রযান-৩-এর এই অংশকে পৃথিবীর কাছাকাছি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা।

বিবিসি জানায়, কয়েকদফা জটিল পদক্ষেপের পর মডিউলটি ফের পৃথিবীর কক্ষপথে চলে এসেছে। এর মধ্য দিয়ে নতুন গবেষণা সফল হল। চাঁদ থেকে এরপর নমুনা ফেরানোর কাজ সহজেই করতে পারবে ইসরো।

গত অক্টোবর মাস থেকেই প্রোপালশন মডিউলকে ফিরিয়ে আনার কাজ শুরু করে ইসরো। মডিউলটির গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করা ছাড়াও, চাঁদ বা পৃথিবীর জিও বেল্টের সঙ্গে যাতে ধাক্কা না লাগে, সেজন্যও নেওয়া হয়েছিল বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা।

১০ নভেম্বর চাঁদের কক্ষপথ ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয় এটি। এখন পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে এই মডিউল।

এর আগে গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে রওনা হয়েছিল মহাকাশযান চন্দ্রযান-৩। এরপর ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার।

এর ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তারপর থেকে চন্দ্রপৃষ্ঠে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে প্রজ্ঞান। এর ক্যামেরায় উঠেছে ল্যান্ডার বিক্রমের ছবিও। এ অভিযানে পৃথিবীর প্রথম কোনও দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয় ভারত।