পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাস যোদ্ধাসহ নিহত ২
সন্দেহভাজনরা গুলি ও বোমা ছুড়লে সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়ে বলে ভাষ্য ইসরায়েলের সেনাবাহিনীর।
জর্ডান নদীর পশ্চিম তীরে একটি শরণার্থী ক্যাম্পে রোববার ভোররাতে অভিযান চালিয়ে এক হামাস যোদ্ধাসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
তুলকারম শহরের কাছে নূর শামস ক্যাম্পে ওই অভিযানকে ইসরায়েলি বাহিনী ‘সন্ত্রাসবিরোধী কার্যক্রম’ বলে বর্ণনা করেছে; বলেছে, তারা সেখানে একটি ‘অপারেশনাল কমান্ড সেন্টার’ ধ্বংস করেছে এবং বেশ কিছু বোমা ও বোমা তৈরির উপাদান জব্দ করেছে।
অভিযানের সময় সন্দেহভাজনরা গুলি এবং বোমা ছুড়লে সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়ে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী।
এক বছরের বেশি সময় ধরে পশ্চিম তীরে সহিংসতা চলছে। যার ফলে সেখানে ইসরায়েলি সেনাদের অভিযান বেড়েছে। সেইসঙ্গে ফিলিস্তিনি গ্রামগুলোতে বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরায়েলিদের উপর ফিলিস্তিনিদের হামলাও বেড়েছে।
জাতিসংঘের হিসাবে, নূর শামস ক্যাম্পে প্রায় ১৩ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি শরণার্থী থাকেন, যারা ১৯৪৮ সালের যুদ্ধে গৃহহীন হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
