২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত নাৎসি টাইপিস্ট ইর্মগার্ড ফুর্চনার

বর্তমানে ৯৭ বছরের ইর্মগার্ড ফুর্চনার বিচার শুরুর পর তার বৃদ্ধাশ্রম থেকে পালিয়েছিলেন।

যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত নাৎসি টাইপিস্ট ইর্মগার্ড ফুর্চনার

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 07:52 PM

Updated : 20 Dec 2022, 08:22 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের একটি বন্দিশিবিরের(কনসেনট্রেশন ক্যাম্পে) কমান্ডারের সহকারী হিসেবে কাজ করা ইর্মগার্ড ফুর্চনারকে সাড়ে ১০ হাজারের বেশি মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষীসাব্যস্ত করা হয়েছে।

ফুর্চনারের বয়স এখন ৯৭ বছর। কিশোরী বয়সে একজন টাইপিস্ট হিসেবে তিনি স্টুথফের বন্দিশিবিরে যান এবং সেখানে ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কাজ করেন।

নাৎসি বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধাপরাধের বিচার চলেছে এমন অল্প কয়েকজন নারীর মধ্যে ফুর্চনার একজন। বিচারে তাকে দুই বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি।

যদিও ফুর্চনার ক্যাম্পের একজন বেসামরিক কর্মী ছিলেন। কিন্তু বন্দিশিবিরে ঠিক কী চলছে সে সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত ছিলেন বলেই মত বিচারকের।

স্টুথফ বন্দিশিবিরে প্রায় ৬৫ হাজার বন্দিকে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। যাদের মধ্যে ইহুদি, ইহুদি নন পোল্যান্ডের এমন বাসিন্দারা এবং ধরা পড়া সোভিয়েত সেনারা রয়েছেন।

যেহেতু ওই সময় ফুর্চনারের বয়স ১৮ বা ১৯ বছর ছিল তাই কিশোর আদালতে তার বিচার হয়েছে।

বর্তমানে পোল্যান্ডের নগরী গেডানস্কে স্টুথফ বন্দিশিবিরটি ছিল। যেখানে নানা পন্থায় বন্দিদের হত্যা করা হত। তার মধ্যে ১৯৪৪ সালের জুনে গ্যাস চেম্বারে আটকে হত্যা করা হয় কয়েক হাজার মানুষকে।

উত্তর জার্মানির স্লেসভিগ হোলস্টাইন প্রদেশের ইতজেহো জেলা আদালতে ফুর্চনারের বিচার কাজ চলে। ওই সময় বন্দিশিবিরে আটক ছিলেন এমন বেঁচে যাওয়া কয়েকজন ফুর্চনারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের কয়েকজন অবশ্য বিচার চলাকালেই মারা যান।

২০২১ সালের সেপ্টম্বরে ফুর্চনারের বিচার কাজ শুরু হলে তিনি জার্মানিতে তার বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাকে হামবুর্গের একটি রাস্তা থেকে গ্রেপ্তার করে।

বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ফুর্চনার স্লেসভিগ হোলস্টাইন প্রদেশে চলে গিয়ে টাইপিস্ট হিসেবে পেশাজীবন শুরু করেন।

বিচার শুরু হওয়ার পর ৪০ দিন আদালতে পুরোপুরি নীরব থেকেছেন ফুর্চনার। তার আইনজীবীর যুক্তি ছিল, নীরব থাকা তার মক্কেলের অধিকার।

শেষপর্যন্ত ফুর্চনার নীরবতা ভাঙেন এবং আদালতে বলেন, ‘‘যা ঘটেছে সেই সবকিছুর জন্য আমি দুঃখিত। ওই সময়ে স্টুথফে থাকার জন্য আমি অনুতপ্ত...আমার এটুকুই বলার ছিল।”

স্টুথফ বন্দিশিবিরের কমান্ডার পল-ওয়ার্নার হোপকে ১৯৫৫ সালে দোষীসাব্যস্ত করে কারাগারে পাঠানো হয় এবং পাঁচ বছর জেল খাটার পর তিনি মুক্তি পান।