বড়দিনে বৃষ্টি, বন্যায় ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ১৩
এখনও নিখোঁজ ২৩ জনের সন্ধানে অভিযান অব্যাহত আছে।
দক্ষিণ ফিলিপিন্সে বড়দিনেরে তুমুল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে তেরোতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তবে সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে; এখনও নিখোঁজ ২৩ জনের সন্ধানে অভিযান অব্যাহত আছে।
কর্মকর্তারা বলেছেন, বড়দিনের আয়োজনকে ম্লান করে দেওয়া দুইদিনের তুমুল বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবেই বেশিরভাগের মৃত্যু হয়েছে।
বৃষ্টি-বন্যা ৪৫ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতেও বাধ্য করেছে বলে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কোস্ট গার্ড, পুলিশ ও দমকল কর্মীদেরকে কোমর সমান পানিতে হাঁটতে ও ভূমিধস কবলিত এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে আনতে দেখা গেছে।
উদ্ধার অভিযান চলছে এবং ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে, স্থানীয় ডিজেডবিবি রেডিও স্টেশনকে এমনটাই বলেছেন মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিতো হেরায়।
“সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গবাদিপশুর। বিপুল সংখ্যক গরু, ছাগল, শূকর, মুরগি নাই হয়ে গেছে,” বলেছেন তিনি।
