২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের মিত্রতা লৌহদৃঢ়: ব্লিনকেন

চীনের সঙ্গে টান-টান উত্তেজনার মধ্যে ব্লিনকেন মিত্রদেশ ফিলিপিন্সের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি ‘লৌহদৃঢ়’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের মিত্রতা লৌহদৃঢ়: ব্লিনকেন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2024, 11:00 PM

Updated : 19 Mar 2024, 11:46 PM

ফিলিপিন্সকে সমর্থনের আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। চীনের সঙ্গে টান-টান উত্তেজনার মধ্যে ব্লিনকেন মিত্রদেশ ফিলিপিন্সের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি ‘লৌহদৃঢ়’ বলে বর্ণনা করেছেন।

মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফরকালে ব্লিনকেন এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দক্ষিণ চীন সাগরে পাল্টাপাল্টি দাবি নিয়ে সম্প্রতি কয়েকমাসে ফিলিপিন্স এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।

এ পরিস্থিতিতে ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী এনরিক মানালোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, “এ জলপথগুলো ফিলিপিন্স, এর নিরাপত্তা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এগুলো এ অঞ্চল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের স্বার্থের জন্যও জরুরি বিষয়।

“এ কারণেই আমরা ফিলিপিন্সের পাশে দাঁড়িয়েছি এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে আমাদের প্রতিরক্ষার লৌহদৃঢ় প্রতিশ্রুতিতে অটল রয়েছি।”

এসময় মানালো বলেন, ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও ‘উন্নত’ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মানালোকে ওয়াশিংটনের প্রতিশ্রুতির মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিবিসি-কে তিনি বলেন, “আমি মনে করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কখনওই উচ্চতর, বৃহত্তর পর্যায়ে ছিল না।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপিন্স সফরকালে কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য নিয়েও আলোচনা করবেন ব্লিঙ্কেন।

বিশ্লেষকরা বলছেন, ব্লিনকেনের এই সফর ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আরও জোরদারের লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে।

ফার্দিনান্দ মার্কোস তার পূর্বসূরি রদ্রিগো দুতার্তের বিপরীতে গিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছেন। আর দুতার্তে চীনের সঙ্গে ফিলিপিন্সের সম্পর্ককে এগিয়ে নিয়েছিলেন।