২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে মস্কোর আল্টিমেটাম: প্রস্তাব মানো, নয়তো সিদ্ধান্ত রুশ সেনাবাহিনীর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন নিয়ে আলোচনায় তার আগ্রহের জানান দেওয়ার পরদিন এ আল্টিমেটাম এলো।

ইউক্রেইনকে মস্কোর আল্টিমেটাম: প্রস্তাব মানো, নয়তো সিদ্ধান্ত রুশ সেনাবাহিনীর

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 10:37 AM

Updated : 27 Dec 2022, 10:37 AM

ইউক্রেইনকে দেওয়া আল্টিমেটাম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডকে স্বীকৃতি দেওয়াসহ মস্কোর সব প্রস্তাব মানো, নয়তো রুশ সেনাবাহিনীই বিষয়টির ফয়সালা করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন নিয়ে আলোচনায় তার আগ্রহের জানান দেওয়ার পরদিন সোমবার ল্যাভরভ এ আল্টিমেটাম দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিইভ ও এর পশ্চিমা মিত্ররা পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন; তার সেনারা একদিকে ইউক্রেইনের একের পর এক শহরকে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, অন্যদিকে মস্কো তাদের দখলে থাকা ইউক্রেইনের এক পঞ্চমাংশকে নিজেদের ভূখণ্ডভুক্ত করার স্বীকৃতি চেয়েই যাচ্ছে।

কিইভ বলছে, রাশিয়া সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।

“আমাদের প্রস্তাব হচ্ছে- ইউক্রেইনের শাসকদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণ, সেখান থেকে উদ্ভূত আমাদের নতুন ভূখণ্ডসহ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি দূর করা, শত্রুরা এগুলো সবই জানে।

“ব্যাপারটা খুবই সহজ। নিজেদের ভালোর জন্যই এসব মেনে নাও। নাহলে, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাশিয়ার সেনাবাহিনীই নেবে,” সোমবার ল্যাভরভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

রাশিয়ার জন্য হুমকি হয়ে ওঠা ইউক্রেইনের নিরস্ত্রীকরণ ও একে ‘নাৎসিমুক্ত’ করতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিন প্রতিবেশী দেশে তার ভাষায় ‘বিশেষ সামরিক অভিযানে’ নামেন।

অন্যদিকে কিইভ ও এর পশ্চিমা মিত্ররা পুতিনের এই ‘আগ্রাসনকে’ সাম্রাজ্যবাদী কায়দায় জমি দখলের চেষ্টা বলে অভিহিত করে আসছে।

১১ মাসে পড়া এই যুদ্ধে বেশ কয়েকটি ফ্রন্টে বিব্রতকরভাবে পিছু হটা রুশ বাহিনী এখন ইউক্রেইনের পূর্ব ও দক্ষিণে কিইভবাহিনীর ওপর তুমুল চাপ সৃষ্টি করেছে।

সোমবার একটি ড্রোন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার ভেতরে ঢুকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ফাঁকি দিয়ে মস্কোর বোমারু বিমানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ড্রোনটি ইউক্রেইনীয়দের বলেই মনে করা হচ্ছে।

এঙ্গেলস বিমানঘাঁটিতে এই হামলায় কোনো বিমানের ক্ষয়ক্ষতি হয়নি বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করলেও রাশিয়া ও ইউক্রেইনের বেশ কয়েকটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট উল্টো কথা বলছে।

রয়টার্স অবশ্য কারও ভাষ্যের সত্যতাই যাচাই করে দেখতে পারেনি।

সোমবার পুতিন সেইন্ট পিটার্সবুর্গে সাবেক সোভিয়েতভুক্ত রাষ্ট্রগুলোর জোট কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটের শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের স্বাগত জানান। ইউক্রেইন বেশ আগেই এই জোট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রুশ প্রেসিডেন্টকে ইউক্রেইনে যুদ্ধ নিয়ে সরাসরি কোনো কথা না বলে ইউরেশিয়ান অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হুমকি ক্রমাগত বাড়ছে বলে মন্তব্য করেছেন।

“দুর্ভাগ্যজনকভাবে, বিশেষ করে বাইরে থেকে, প্রতি বছরই এই অঞ্চলের জন্য হুমকি ও প্রতিবন্ধকতা ক্রমাগত বাড়ছে। এ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে যে মতভেদও বাড়ছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেটাও স্বীকার করে নিতে হবে,” বলেছেন তিনি।

একসময় সোভিয়েত ইউনিয়নের ভেতরে থাকা দেশগুলোতে রাশিয়ার প্রভাব দীর্ঘদিনের, সেই প্রভাব বলবৎ থাকবে কিনা, ইউক্রেইন যুদ্ধে তার এক ধরনের পরীক্ষাও চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটের দুই সদস্য আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবাদ আরও বেড়েছে, যেই অঞ্চল নিয়ে এই দুই দেশের মধ্যে বিরোধ সেখানে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীও আছে। সীমান্ত নিয়ে সংঘাত দেখা গেছে কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যেও।

পুতিন ‘বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও মধ্যস্থতামূলক পদক্ষেপের’ মাধ্যমে এসব মতভেদ দূর করার ওপর জোর দিয়েছেন।

সোমবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে বলেছেন, দনবাসের যুদ্ধক্ষেত্রের ‘কঠিন ও বেদনাদায়ক’ পরিস্থিতিতে দেশের সমস্ত ‘শক্তি ও একাগ্রতা’ দরকার।

ইউক্রেইনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে রাশিয়ার একের পর এক হামলার কারণে প্রায় ৯০ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন বলেও তিনি জানিয়েছেন। এই সংখ্যা দেশটির জনসংখ্যার চার ভাগের এক ভাগের কাছাকাছি।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে কিইভবাহিনীর প্রতিরোধের মুখে রাশিয়া অনেক এলাকা থেকে পিছু হটলেও ইউক্রেইনের বিস্তৃত এলাকা এখনও তাদের দখলে।

১০ মাস পেরিয়ে যাওয়া এ যুদ্ধ এরই মধ্যে দুই পক্ষের হাজার হাজার সেনার পাশাপাশি বিপুল পরিমাণ বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার সৈন্য সমাবেশে বাধ্যও করেছে।