২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩৯ বছরের মধ্যে ‘সবচেয়ে গরম’ জুন মাস দেখল যুক্তরাজ্য

জুন মাসের গড় মাসিক তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা ১৯৪০ এবং ১৯৭৬ সালের সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে।

১৩৯ বছরের মধ্যে ‘সবচেয়ে গরম’ জুন মাস দেখল যুক্তরাজ্য

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 12:00 AM

Updated : 04 Jul 2023, 12:00 AM

সেই ১৮৮৪ সালে গরমের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এবারই সবচেয়ে গরম জুন মাস দেখল যুক্তরাজ্য।

গোটা যুক্তরাজ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আইল্যান্ড প্রতিটি স্থানেই জুনে সবচেয়ে বেশি গরমের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াদপ্তরের তথ্যমতে, এবারের জুন মাসের গড় মাসিক তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা ১৯৪০ এবং ১৯৭৬ সালের সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আগের তুলনায় তাপমাত্রা বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ।

যুক্তরাজ্যে তাপমাত্রার তথ্য সংগ্রহ করা ৯৭ টি এলাকার ৭২ টিতেই এই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। উপরন্তু জুনের ওই তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

ফলে গত মাসটিকে ‘সরকারিভাবে যুক্তরাজ্যের জন্য রেকর্ডকৃত সবচেয়ে গরম জুন’ বলে বর্ণনা করেছেন আবহাওয়া অফিসের জলবায়ু বিজ্ঞান বিষয়ক ম্যানেজার মার্ক ম্যাকার্থি।

আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ পল ডেভিস বিবিসি-কে বলেছেন, ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিকে খুব বড় একটু কিছু মনে না হতে পারে। কিন্তু গোটা যুক্তরাজ্য থেকে দিন এবং রাতের গড় তাপমাত্রা নিয়ে জুনের এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তার মতে, একারণেই তাপমাত্রার এই রেকর্ড গুরুত্বপূর্ণ। তাছাড়া, জলবায়ু উষ্ণ হতে থাকার এ সময়ে এর গুরুত্ব আরও বেশি।

পল আরও বলেন, গত গ্রীষ্মে একবার যুক্তরাজ্য ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল। কিন্তু সেই তাপমাত্রার সঙ্গে গত মাসের তাপমাত্রার তফাত হচ্ছে এটাই যে, জুনে দিন এবং রাত দুই সময়েই গরম ছিল।

আর জুন মাসের বেশিরভাগ সময়ই তেমন বৃষ্টি হয়নি। বিশেষ করে ওয়েলস ছিল শুষ্ক। জলবায়ু পরিবর্তন বিশ্বকে এমন চরমভাবাপন্ন আবহাওয়ার দিকে ঠেলে দিচ্ছে।