২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ২০২৩ সালে বায়ুদূষণে অসুস্থ হয়েছে ১ কোটির বেশি মানুষ

২০২৩ সালের প্রথম ৯ সপ্তাহেই বায়ুদূষণের কারণে ১৩ লাখ মানুষ অসুস্থতার শিকার হয়েছিল।

থাইল্যান্ডে ২০২৩ সালে বায়ুদূষণে অসুস্থ হয়েছে ১ কোটির বেশি মানুষ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 09:05 PM

Updated : 06 Mar 2024, 09:05 PM

থাইল্যান্ডে ২০২৩ সালে এক কোটিরও বেশি মানুষ বায়ুদূষণজনিত অসুস্থতার জন্য চিকিৎসা নিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের বায়ুর মান খারাপ হতে থাকায় জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিষদ (এনইএসডিসি) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ব্যাপক হারে ক্ষেত পোড়ানো এবং বনের আগুন, বিশেষ করে দেশের উত্তরে- বছরের শুরুতে প্রায়ই বিষাক্ত ধোঁয়াশা তৈরি করে। চলতি বছরের শুরুতে আগের বছরের তুলনায় দূষণজনিত রোগের হার বেড়েছে।

২০২৩ সালের প্রথম ৯ সপ্তাহে বায়ুদূষণের কারণে ১৩ লাখ মানুষ অসুস্থতার শিকার হয়েছিল। আর চলতি বছরের শুরুতে এ সংখ্যা বেড়ে ১৬ লাখে পৌঁছেছে। 

বায়ুদূষণজনিত রোগগুলোর মধ্যে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং হৃদরোগের মতো ক্রনিক রোগ রয়েছে।

জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিষদ (এনইএসডিসি) বলেছে, “থাইল্যান্ডকে অবশ্যই জনস্বাস্থ্যে বাতাসের অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫ এর প্রভাবকে গুরুত্ব দিতে হবে।”

অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫ - যার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার চেয়েও ছোট, এ কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।