Published : 07 Nov 2022, 05:14 PM
পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে হামলায় থমকে যাওয়া লংমার্চের রাজধানী ইসলামাবাদ অভিমুখে ফের যাত্রা শুরুর পরিকল্পনা দুবার বদল করে বৃহস্পতিবারে দিন ধার্য করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআিই)।
পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, ইমরান খান প্রথমে এই লংমার্চ মঙ্গলবার থেকে আবার শুরুর সিদ্ধান্ত জানালেও পরে দলের নেতা ফাওয়াদ চৌধুরি এক টুইটে জানিয়েছিলেন- মঙ্গলবার নয়, আগামী বুধবার দুপুর ২টা থেকে এই লংমার্চ শুরু হবে। এরপর দলের আরেক নেতা ফয়সাল জাভেদ খান লংমার্চ আরেকদিন পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাপ্রচেষ্টার মুখে তার দলের অর্ধসমাপ্ত লংমার্চ যাত্রা আবার শুরু হবে বৃহস্পতিবার (১০ নভেম্বর)।
ইমরান এর আগে ওয়াজিরাবাদের যে জায়গায় লংমার্চের কন্টেইনার মঞ্চ হামলার শিকার হয়েছিল সেই একই জায়গা থেকে আবার যাত্রা শুরু হবে বলে জানিয়েছিলেন।
ইমরান বলেছিলেন, ওয়াজিরাবাদের যেখানে তিনি ও অপর ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, যেখানে মোয়াজ্জেম শহীদ হয়েছিলেন সেখান থেকেই আবার লংমার্চ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “আমি এখান থেকে (লাহোর) মার্চে ভাষণ দেব। আর আগামী ১০ থেকে ১৪ দিনে আমাদের মার্চ তার আপন গতিতে রাওয়ালপিণ্ডিতে পৌঁছবে।” লংমার্চ রাওয়ালপিণ্ডিতে পৌঁছে গেলেই ইমরান তখন তাতে যোগ দেবেন এবং নেতৃত্ব দেবেন বলে জানান।
ওদিকে, পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি লাহোরে এক সংবাদ সম্মেলনে দলের কর্মীদের এবং দেশকে পরিষ্কার বার্তা দিয়ে বলেছেন, স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত এই লংমার্চের যাত্রা চলবে।
ইমরানও বলেছেন, “আমার লংমার্চ যে কোনও পরিস্থিতিতে লক্ষ্য অর্জন করবে। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নেওয়ার পরই কেবল তারা ফিরে যাবে।”
গত বৃহস্পতিবার এই আগাম নির্বাচনের দাবিতেই ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদের সমাবেশে হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের কয়েকজন নেতা।
গুলিবিদ্ধ ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রোববার তিনি ছাড়া পান।
ইমরান ও পিটিআইয়ের দাবি, সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই লংমার্চে হামলা হয়েছে। ঘটনার পরপরই পিটিআই নেতাকর্মীরা এক বন্দুকধারীকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে।
এই হামলার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সহিংস বিক্ষোভের পর শনিবারও ফের দেশজুড়ে বিক্ষোভ করেছে। ইমরান খান তখন বলেছিলেন, গুলির আঘাত থেকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়েই আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দেবেন।