উত্তর কোরিয়ায় বন্যায় ক্ষয়ক্ষতির জন্য শীর্ষ কর্মকর্তাদের দুষলেন কিম
সম্প্রতি সাগরের পানির তোড়ে একটি বাঁধ ধ্বংস হয়ে যায়, এতে ধান খেতসহ ৫৬০ হেক্টর জমি ডুবে যায়।
বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে ‘দায়িত্বশীল’ প্রতিক্রিয়া না দেখানোয় উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের তিরস্কার করেছেন দেশটির নেতা কিম জং উন। এই কর্মকর্তারা জাতীয় অর্থনীতির ‘ক্ষতি’ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার জানিয়েছে, সম্প্রতি সাগরের পানির তোড়ে একটি বাঁধ ধ্বংস হয়ে যায়, এতে ২৭০ হেক্টরেরও বেশি ধান খেতসহ ৫৬০ হেক্টর জমি ডুবে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় লবণাক্ত পানিতে জমির ফসল নষ্ট হয়।
সোমবার কিম দেশের পশ্চিম উপকূলের ডুবে যাওয়া ওই জমি পরিদর্শন করেছেন। এরপর কর্তব্য পালনে অবহেলা ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য কর্মকর্তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী কিম টুক হনকে একহাত নেন।
টুক হন ক্ষতিগ্রস্ত জমিগুলো একবার কি দুইবার ‘একজন দর্শকের মতো মনোভাব’ নিয়ে পরিদর্শন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
কেসিএনএ বলেছে, “তিনি বলেন (কিম), কয়েক বছর ধরে টুক হনের মন্ত্রিসভা খুব গুরুতরভাবে বিশৃঙ্খল হয়ে পড়েছে আর এর ফলস্বরূপ অলসরা তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের মাধ্যমে রাষ্ট্রের সব অর্থনৈতিক কর্মকাণ্ডকে নষ্ট করে দিচ্ছে।”
প্রধানমন্ত্রীর ‘ভুল দৃষ্টিভঙ্গী ও দুর্বল মনোভাবের জন্যই’ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা ও শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন কিম।
আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় খাদ্য সংকট নিয়ে উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যেই বন্যায় দেশটির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির নেতা কিম ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষিজমিগুলো পরিদর্শন করে চলেছেন।
দক্ষিণ কোরিয়ার ছুংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া স্টাডিজের অধ্যাপক লিম ইউল ছুল বলেছেন, কিমের কঠোর সমালোচনা মন্ত্রিসভায় রদবদল ঘটাতে পারে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৯৯০ এর দশকে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ হয়েছিল। দেশটি কয়েক দশক ধরেই খাদ্য সংকটে ভুগছে। কোভিড-১৯ মহামারী চলাকালে সীমান্ত বন্ধ রাখায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে আন্তর্জাতিক রপ্তানিকারকরা সতর্ক করেছেন।
