২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শস্য চুক্তিতে পশ্চিমারাই ‘বাধা’, আলোচনার দরজা এখনও খোলা: পুতিন

পশ্চিমারা রাশিয়ার মূল পাঁচটি দাবি মেনে নিলে মস্কো তৎক্ষণাৎ শস্য রপ্তানি চুক্তিতে ফিরবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

শস্য চুক্তিতে পশ্চিমারাই ‘বাধা’, আলোচনার দরজা এখনও খোলা: পুতিন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 20 Jul 2023, 07:46 PM

Updated : 21 Jul 2023, 11:59 AM

কৃষ্ণ সাগরে ইউক্রেইনের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ পুনরায় না বাড়ানোর সিদ্ধান্তের দায় পশ্চিমা দেশগুলোর বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, তার সব শর্ত পশ্চিমারা পূরণ করলে রাশিয়া যে কোনও সময় ওই চুক্তিতে ফিরতে রাজি।

গত সোমবার ওই চুক্তি থেকে সরে যায় রাশিয়া। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর প্রথমেই কৃষ্ণ সাগরে দেশটির বন্দরগুলোর দখল নেয়। ফলে ইউক্রেইন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। যার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে।

লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় সব পণ্যের দাম। বিশ্বজুড়ে দেখা দেয় খাদ্য সংকট। এদিকে, ইউক্রেইনের গুদামে পড়ে নষ্ট হতে থাকে লাখ লাখ টন খাদ্যশস্য।

বিশ্বের অন্যতম শীর্ষ দুই শস্য উৎপাদক ও রপ্তানিকারক দেশ ইউক্রেইন ও রাশিয়া। কৃষ্ণ সাগরের বন্দরগুলোর দখল হাতছাড়া হওয়ার কারণে একদিকে যেমন ইউক্রেইন শস্য রপ্তানি করতে পারছিল না।

অন্যদিকে, ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে রাশিয়া থেকেও শস্য রপ্তানি অনেকটা কমে যায়।

ফলে গোটা বিশ্বে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে গত বছর তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শস্য রপ্তানি বিষয়ে একটি চুক্তি হয়। যে চুক্তিতে তৃতীয়পক্ষ হিসেবে সই করে তুরস্ক ও জাতিসংঘ।

তৃতীয়পক্ষের কাজ ছিল চুক্তি বহাল রাখতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ এবং চুক্তির লঙ্ঘন হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করা।

এখন মস্কো বলছে, ওই সময়ে সমান্তরাল আরেকটি স্মারক সই হয়েছে। যে স্মারকে পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার শস্য ও সার রপ্তানির বিষয়ে নানা সুবিধা প্রদানের কথা বলা আছে। এখন পর্যন্ত যেটিকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।

পুতিন বলেন, “প্রাথমিকভাবে, মূলত, শস্য চুক্তি করাই হয়েছিল বৃহৎ মানবিক তাৎপর্যের কথা মাথায় রেখে।

‘‘পশ্চিমারা মূল এই বিষয়টিকে সম্পূর্ণ নোংরা ও বিকৃত করেছে। প্রকৃত প্রয়োজনে দেশগুলোকে সাহায্য করার পরিবর্তে পশ্চিমারা এই শস্য চুক্তিকে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে… শুধু তাই নয়, বরং তারা এটিকে বিশ্বব্যাপী শস্যবাজারে আন্তর্জাতিক সব বৃহৎ কোম্পানি ও ফটকাবাজদের আর্থিকভাবে লাভবান করার হাতিয়ার করেছে।”

তিনি জোর দিয়ে আরও বলেছেন, পশ্চিমারা যদি রাশিয়ার মূল পাঁচটি দাবি মেনে নেয় তবে মস্কো তৎক্ষণাৎ চুক্তিতে ফিরে আসবে।

দাবিগুলো হল:

# রাশিয়ার কৃষিব্যাংক কে ‘সুইফট’ আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থায় আবার সামিল করা।

# রাশিয়ায় কৃষি যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশ রপ্তানি পুনরায় শুরু করা।

# রাশিয়ার জাহাজ এবং পণ্যসামগ্রীর জন্য বীমা এবং বন্দরে প্রবেশের উপর আরোপ করা বিধিনিষেধ অপসারণ করা।

# রাশিয়ার তোগলিয়াত্তি থেকে ইউক্রেইনের ওদেশা বন্দর পর্যন্ত বর্তমানে ক্ষতিগ্রস্ত অ্যামোনিয়া রপ্তানির পাইপলাইন পুনঃস্থাপন করতে দেওয়া।

# এবং রাশিয়ান সার কোম্পানিগুলোর একাউন্ট এবং আর্থিক কার্যক্রম অবরোধ মুক্ত করা।

“এই শর্তগুলো পূরণ হলে… যেগুলোর বিষয়ে আগেই আমরা একমত হয়েছিলাম এবং আমি নতুন করে কোনও শর্ত আরোপ করিনি। যত দ্রুত শর্তগুলো পূরণ করা হবে, আমরাও তত দ্রুত শস্য চুক্তিতে ফিরে যাব,” বলেন পুতিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘ এবং তুরস্ককে এ বিষয়ে বলা হয়, যদি তারা চায় রাশিয়া শস্য চুক্তিতে ফিরুক তবে তিন মাসের মধ্যে তাদের ওই স্মারকের (রাশিয়ার শর্তযুক্ত) বাস্তবায়ন করতে হবে।