১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন মোদীর

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মোদী বলেছিলেন, এই সেতু পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 12:15 PM

Updated : 25 Feb 2024, 12:17 PM

গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার স্থানীয় সময় সকালে মোদী ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ‘সুদর্শন সেতু’ উদ্বোধন করেন।

এটি গুজরাটের ওখা এলাকার সঙ্গে ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছে। মোদী ২০১৭ সালের অক্টোবরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি ভারতীয় রুপি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মোদী বলেছিলেন, এই সেতু পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে।    

ভেট দ্বারকা গুজরাটের ওখা বন্দরের নিকটবর্তী একটি দ্বীপ। এটি দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। দ্বীপটিতে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির অবস্থিত।

মোদীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “চার লেনের ২৭ দশমিক ২ মিটার প্রশস্ত এই সেতুটির উভয় পাশে আড়াই মিটার চওড়া ফুটপাত রয়েছে।”

হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ‘সুদর্শন’ শব্দটি নিয়ে সেতুটির নামকরণ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। সেতুটির ফুটপাত ভগবদ গীতার শ্লোক ও শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে।