অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে ধর্মঘট অব্যাহত
গত ১৯ জানুয়ারি প্রথম দফা ধর্মঘটে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিল।
অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে ৬৪ বছর করার যে পরিকল্পনা ইমানুয়েল ম্যাক্রোঁ সরকার করেছে তার প্রতিবাদে ফ্রান্স জুড়ে দ্বিতীয় দফায় ধর্মঘট চলছে।
আটটি বড় বড় শ্রমিক ইউনিয়নের সদস্যরা সোমবার থেকে ওই ধর্মঘট শুরু করেছে বলে জানায় বিবিসি। যাতে সর্বস্তরের সাধারণ মানুষও অংশ গ্রহণ করছেন।
মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিন স্কুল, গণ পরিবহন এবং তেল শোধনাগারের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়।
অবসরের বয়স দুই বছর বাড়ানোর সরকারি পরিকল্পনার নিন্দা জানিয়ে এদিন ফ্রান্সের বড় বড় নগরীগুলোতে লোকজন মিছিল করেছে।
ধর্মঘটের কারণে রেল চলাচল ব্যাহত হয়েছে। এদিন, দেশটির উচ্চগতির টিজিভি ট্রেন অন্যান্য দিনের তুলনায় তিনভাগের এক ভাগ চলাচল করছে। লোকাল এবং আঞ্চলিক ট্রেনও স্বাভাবিকের তুলনায় কম সংখ্যায় চলেছে বলে জানায় রয়টার্স।
একই কারণে গত ১৯ জানুয়ারি ফ্রান্স জুড়ে ধর্মঘট হয়েছিল। সেদিন ১০ লাখের বেশি মানুষ সড়কে নেমে প্রতিবাদ জানিয়েছিল বলে দাবি আয়োজকদের।
মঙ্গলবার ধর্মঘটে অংশ নেওয়া বাস চালক ইসাবেল টেক্সিয়ার বলেন, ‘‘আমরা আমাদের বয়স ৬৪ বছর হওয়া পর্যন্ত বাস চালিয়ে যাওয়ার মত সক্ষম থাকবো না।”
একটি বিলাস সেক্টরে কাজ করা ৩৪ বছরের ম্যাথু জ্যাকট অবশ্য মনে করেন ধর্মঘট করে কোনো লাভ হবে না। বলেন, ‘‘ধর্মঘটে অংশ নেওয়ার কোনো মানে নাই। কারণ, যেকোনো মূল্যে এই বিল গৃহীত হবে।”
দ্বিতীয় দফার এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষক কাজে যাননি বলে দাবি শ্রমিক ইউনিয়নগুলোর।
আর ‘টোটালএনার্জিস’ এর পক্ষ থেকে বলা হয়, মঙ্গরবার তাদের সকালের পালার ৫৫ শতাংশ কর্মী কাজ করেননি। তবে ধর্মঘটকে সমর্থন জানিয়ে গত ১৯ জানুয়ারি প্রথম দফা ধর্মঘটে তাদের কর্মী অনুপস্থিতির হার আরো বেশি ছিল।
বিশ্বের বাকি দেশের মত ফ্রান্সেও উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। ফলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখতে সে দেশের মানুষকেও হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে কাজ না করে ধর্মঘট চালি যাওয়ার মত মনের জোর ধরে রাখতে অনুপ্রাণিত করতে পারাই শ্রমিক ইউনিয়নগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।
আর পার্লামেন্টে সংখ্যাগোরিষ্ঠতা না থাকা ম্যাক্রোঁর জোট সরকারকে এই বিল অনুমোদনের জন্য নিজেদের এমপিদের সমর্থন ছাড়াও ডানপন্থি রিপাবলিকান দলের এমপিদের সমর্থনের উপর নির্ভর করতে হবে।
