মেয়ের ‘মৃত’ ধর্ষককে যেভাবে আদালতে আনলেন মা
আইনের হাত থেকে রক্ষা পেতে ধর্ষক নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন।
ভারতের বিহার রাজ্যের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা এক নারী গত বছর যখন জানতে পারলেন তার মেয়েকে ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে তিনি মামলা করেছেন সেই নিরাজ মোদী মারা গেছেন, তিনি কিছুতেই তা বিশ্বাস করতে পারেননি।
নিরাজ মারা গেছেন, তারা বাবা ছেলের মৃত্যুর সমস্ত প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেছেন এবং একমাত্র আসামি মারা যাওয়ায় আদালত মামলা খারিজ করে দিয়েছে।
একটি সরকারী স্কুলের শিক্ষক ৩৯ বছরের নিরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি তার ছাত্রী ১২ বছরের এক বালিকাকে ২০১৮ সালের অক্টোবর মাসে ধর্ষণ করেছেন।
মেয়ের মায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়, ওই বালিকাকে আখের খেতে একা পেয়ে নিরাজ তার উপর হামলা চালায় এবং তাকে ধর্ষণ করে।
বাড়িতে টয়লেট না থাকায় মেয়েটি মলত্যাগ করতে আখের ক্ষেতে গিয়েছিল এবং নিরাজ সেখানেই তাকে আক্রমণ করে ধর্ষণ করে।
নিরাজ শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। সে ধর্ষণের ভিডিও ধারণ এবং তা অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে মুখ বন্ধ রাখতে বলে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
বিবিসি জানায়, নির্যাতনের শিকার হওয়ার ১০দিন পর ওই বালিকা সহস করে তার মাকে বিষয়টি জানায় এবং তার কয়েকদিন পর মেয়ের মা থানায় গিয়ে মামলা করেন।
এই সময়ে মেয়েটি স্কুলে গিয়েছে এবং নিরাজ তাকে সেখানে বিনা কারণে মারধর করতো বলেও থানায় অভিযোগ করে মেয়েটি।
মামলার পরপরই পুলিশ নিরাজকে গ্রেপ্তার করে এবং দুইমাস পর জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে আসে।
গত বছর মার্চ মাসে নিরাজের বাবা রাজারাম মোদী একজন আইনজীবীকে নিয়ে তার বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের একটি আদালতে যান এবং তার ছেলে ২৭ ফেব্রুয়ারি তাদের গ্রামের বাড়িতে মারা গেছেন বলে একটি হলফনামায় স্বাক্ষর করেন। প্রমাণ হিসেবে তিনি শ্মশানে মৃতদেহ দাহকাজের দুটো ছবি এবং পোড়ানোর জন্য যে কাঠ কিনেছেন তার মানি-রিসিট দেখান।
তার মাত্র ছয়দিন আগে পুলিশ নিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে আলাদলতে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল।
গত বছর নিরাজের ‘মৃত্যুর’ পর পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে।
তারা বাবা আদালতকে তার ছেলের মৃত্যুর খবর দেওয়ার দুই মাস পর স্থানীয় প্রশাসন থেকে নিরাজের মৃত্যুসনদ দেওয়া হয়।
তার ভিত্তিতে গত বছর মে মাসে আদালত ‘মামলার একমাত্র আসামির মৃত্যুর’ কারণে বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
সবাই বিশ্বাস করলেও একজন নিরাজের মৃত্যুর বিষয়টি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হলেন, ওই মা। যিনি তার মেয়ের ধর্ষণের বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছিলেন।
সম্প্রতি বিবিসির একজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করেন। তিনি বিবিসি-কে বলেন, ‘‘যখন আমি শুনলাম নিরাজ মোদী মারা গেছে, তখনই আমি জানতাম এটা মিথ্যা। আমি জানি সে জীবিত আছে।”
আয়তনে বিশাল দেশ ভারতে সাত লাখের বেশি গ্রাম আছে। দেশটিতে প্রতি ১০টি মৃত্যুর সাতজনই গ্রামের বাসিন্দা। গ্রামে সাধারণ বাড়িতে মানুষ বেশি মারা যান।
ভারতে জন্ম ও মৃত্যুর নিবন্ধন বাধ্যতামূলক হলেও মৃত্যুর কারণ উল্লেখ করা বাধ্যতামূলক নয়।
সেখানে গ্রামগুলোতে মৃত্যুসনদ পেতে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের তার বায়োমেট্রিক পরিচয়পত্র জমা দিতে হয়। সেই সঙ্গে গ্রামের পাঁচজন বাসিন্দার পরিচয়পত্রের নম্বর ও সই, যারা ওই ব্যক্তি মারা গেছেন বলে জানেন।
ওইসব কাগজপত্র স্থানীয় পঞ্চায়েত বা গ্রাম পরিষদে জমা দিতে হয়। তারা সেগুলো যাচাই-বাচাই করে যদি সব কিছু ঠিকঠাক পান তবে এক সপ্তাহের মধ্যে মৃত্যুসনদ প্রদাণ করেন।
মেয়ের মায়ের আইনজীবী বলেন, ‘‘আমাদের গ্রামগুলো ঘনবসতিপূর্ণ এবং সবাই সবার সঙ্গে খুবই ঘনিষ্ঠ। সেখানে কার কী হচ্ছে সেটাই সবাই জানে। সেখানে একজন মারা গেলেন আর কেউ সেটা জানলো না বা শুনলো না তা হতেই পারে না।”
অথচ রাজারাম মোদী তার ছেলের মৃত্যুর প্রমাণ হিসেবে পাঁচজন গ্রামবাসীর সই ও তাদের বায়োমেট্রিক পরিচয়পত্রের নম্বর এবং তার ছেলের মৃত্যুর হলফনামা জমা দিয়েছেন। তার ভিত্তিতে তিনি ছেলের মৃত্যুসনদও পেয়েছেন।
মেয়েটির মা তখন তার আইনজীবীর কাছে গিয়ে নানা প্রশ্ন করেন। তিনি বলেন, ‘‘ওই শিক্ষকের মৃত্যুর খবর কেনো কেউ জানে না? এটা কিভাবে সম্ভব? একজন মানুষর মারা যাওয়ার পর যেসব আচার অনুষ্ঠান পালন করা হয় সেসব কেনো করা হয়নি? কোনো সেখানে তার মৃত্যু নিয়ে কোনো কথা হচ্ছে না?”
মেয়েটির মা নিজের এসব প্রশ্নের উত্তর নিজেই খুঁজতে শুরু করেন বলেও জানান তার আইনজীবী। বলেন, নিরাজ মোদী মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে তিনি বাড়ি বাড়ি গিয়ে এটার বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করেন। কেউ তার মুত্যুর খবর শোনেনি।
‘‘এরপর তিনি আদালতে যান এবং এটি তদন্ত করে দেখার অনুরোধ করে। আদালত তখন তার কাছে নিরাজের বেঁচে থাকার এ বিষয়ে প্রমাণ চান।”
মে মাসের মাঝামাঝিতে ওই মা স্থানীয় প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে যান এবং অভিযোগ করেন, গ্রাম পরিষদ নকল কাগজপত্রের ভিত্তিতে নিরাজের মৃত্যু সনদ দিয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।
ওই কর্মকর্তা সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন এবং গ্রাম পরিষদকে বিষয়টি জানান।
তখন গ্রাম পরিষদ থেকে রাজারামের কাছে তার ছেলের মৃত্যুর বিষয়ে আরো প্রমাণ দেখাতে বলা হয়।
গ্রাম পরিষদ থেকে নিরাজের গ্রামের প্রায় আড়াইশ বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয় এবং জানতে পারে, তাদের কেউই নিরাজের মারা যাওয়ার বিষয়ে কিছু জানে না।
হিন্দু আচার অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের পুরুষদের মাথা ন্যাড়া করতে হয়। কিন্তু নিরাজের পরিবারের কেউ মাথা ন্যাড়া করেননি।
পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। তদন্ত কর্মকর্তা রোহিত কুমার পবন বলেন, এমনকি নিরাজ মোদীর স্বজনরাও তার মৃত্যু বা তিনি কোথায় আছেন সে বিষয়ে কিচ্ছু জানতেন না। তারা বার বার বলেছেন, যদি কেউ মারাই যেত তবে অবশ্যই তার বাড়িতে শেষকৃত্যানুষ্ঠান হতো।
গ্রাম পরিষদের প্রশ্নেরও যথাযথ উত্তর দিতে ব্যর্থ হন রাজারাম মোদী। তিনি নতুন প্রমাণ দেখাতেও ব্যর্থ হন বলে জানান পরিষদের সম্পাদক ধর্মেন্দ্র কুমার।
শেষ পর্যন্ত তদন্তে প্রমাণ হয়, নিরাজ মোদীর মৃত্যুর বিষয়টি মিথ্যা। ছেলে এবং বাবা উভয়ই মিথ্যা তথ্যপ্রমাণ দেখিয়ে মৃত্যুসনদ বের করেছেন।
নিরাজের বাবা শ্মশানের যে ছবি দেখিয়েছিলেন তার একটিতে চিতায় নিরাজ শুয়ে আছেন, তার সারা শরীর কাঠ দিয়ে ঢাকা শুধু মুখটা দেখা যাচ্ছে এমন একটি ছবিও রয়েছে।
শুধু তাই নয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, নিরাজ তার পাঁচজন শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা করে দেবেন বলে তাদের বাবা-মার কাছ থেকে পরিচয়পত্রের নম্বর নেন এবং তাদের সই নকল করে নিজের মৃত্যুসনদ বের করতে কাজে লাগান।
২৩ মে কর্তৃপক্ষ নিরাজের মৃত্যুসনদ বাতিল করে এবং পুলিশ তাকে ও তার বাবাকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা পবন বলেন, ‘‘আমি আমার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার তদন্ত করিনি।
‘‘তারা যে পরিকল্পনা সাজিয়েছিল সেটা নিখুঁত মনে হয়েছিল, কিন্তু তা নিখুঁত ছিল না।”
জুলাই মাসে আদালত পুনরায় মামলার কার্যক্রম শুরু করে এবং বিচারক বলেন, আদালতে ‘প্রতারিত ও বিভ্রান্ত’ করা হয়েছিল। যাতে আসামি ‘শাস্তি এড়াতে পারে’।
মৃত ঘোষণার নয় মাস পর গত অক্টোবর মাসে নিরাজ মোদী আদালতে আত্মসমর্পন করে। বিচার চলাকালে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ধর্ষণ করেননি।
নিজের এই দাবি তিনি আদালতে প্রমাণ করতে পারেননি। গত মাসে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে ১৪ বছরের কারাদণ্ড এবং তিন লাখ রুপি জরিমানা করা হয়।
তার বাবা রাজারাম মোদীও এখন কারাগারে। তার বিরুদ্ধে প্রতারণা এবং আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে। বিচারে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
এছাড়া, বাবা-ছেলে জুটির বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে মৃত্যুসনদ নেওয়া বিষয়ে একটি মামলার বিচার কাজ চলছে।
এভাবেই এক মায়ের স্থির বিশ্বাস এবং মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াই শেষ পর্যন্ত জিতেছে। এর মধ্য দিয়ে জয় হয়েছে সত্যের।
নিজের লড়াই সম্পর্কে ওই মা বলেন, ‘‘যে মানুষটা আমার মেয়েকে নির্যাতন করছে তার শাস্তি নিশ্চিত করতে আমি তিন বছরের বেশি সময় ধরে আদালতে চক্কর কেটেছি। এবং একদিন তার আইনজীবী হঠাৎ করেই আমাকে জানালো সে মারা গেছে! কিভাবে একজন মানুষ এভাবে বাতাসে মিশে যেতে পারে?
‘‘ওদের আইনজীবী আমাকে ভয় দেখিয়ে বলেছিলেন, এখন আমি ওই ব্যক্তির মৃত্যু ভুয়া এটা প্রমাণ করতে নতুন করে মামলা করলে আমার অনেক অর্থ খরচ হবে। অন্যরা ভয় দেখিয়ে বলেছে, আসামি একদিন ঠিকই ছাড়া পেয়ে যাবে এবং প্রতিশোধ নেবে। আমি কোনো কিছুর পরোয়া করিনি। আমি বলেছি আমি অর্থের যোগাড় করে নেব। আমি ভয় পাইনি। আমি বিচারক ও তদন্ত কর্মকর্তাদের বলেছি, আপনারা সত্য খুঁজে বের করুন।”
ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি বিহার। সেখানকার একটি ছোট্ট গ্রামে স্কুল পড়ুয়া দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বাস করেন দরিদ্র ওই মা।
তার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং অন্য গ্রামে বসবাস করে।
তাদের নিজের কোনো জমি নেই এবং তার স্বামী অর্থ উপার্জনের জন্য বাড়ি থেকে এক হাজার ৭০০ কিলোমিটারের বেশি দূরে দক্ষিণের একটি রাজ্যে শ্রমিকের কাজ করেন।
বাড়িতে টয়লেট না থাকায় স্কুল পড়ুয়া মেয়েটি আখের ক্ষেতে টয়লেট করতে গিয়েছিল। সেখানেই সে তারই শিক্ষকের হামলার শিকার হয়। অথচ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে টয়লেট তৈরির বিশাল কর্মযজ্ঞ করেছেন এবং ২০১৯ সালে ঘোষণা করেন, ভারতে আর কাউকে উন্মুক্ত স্থানে টয়লেট করতে হয় না।
ধর্ষণের শিকার মেয়েটি এখন আর স্কুলে যায় না। চার বছর আগে তার স্কুলের বইখাতা বিক্রি করে দেওয়া হয়েছে।
সে এখন বেশিরভাগ সময় একটি অন্ধকার কক্ষে কাটায়।
মেয়েটির মা বলেন, ‘‘তার লেখাপড়া শেষ। আমি তাকে বাইরে পাঠাতে খুবই ভয় পাই। আমরা এখন তাকে বিয়ে দেওয়ার আশায় আছি।
‘‘আপরাধী শাস্তি পেয়েছে, তাতে আমি খুব খুশি। কিন্তু আমার মেয়ের জীবন থমকে গেছে, তার এখন কী হবে?”
