আজীবন জেলের সাজা পেলেন ‘শিশু হত্যাকারী’ সেই ব্রিটিশ নার্স
৩৩ বছর বয়সি এই নার্সকে পাঁচ ছেলে ও দুই মেয়েশিশুকে হত্যা এবং আরও ছয় নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগে গত শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়।
ইংল্যান্ডের একটি হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে দায়িত্ব পালনকালে সাত শিশুকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত ব্রিটিশ নার্স লুসি লেটবিকে সোমবার আজীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৩৩ বছর বয়সি এই নার্সকে পাঁচ ছেলেশিশু ও দুই মেয়েশিশুকে হত্যা এবং আরও ছয় নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগে গত শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়।
‘আই অ্যাম ইভিল’ উল্লেখ করে একটি চিরকুটও লিখেছিলেন তিনি। ২০১৫ সাল থেকে ২০১৬ সালের মধ্যে কাউন্টেস অভ চেস্টার হসপিটাল-এ রাতের শিফটে কাজ করার সময় লুসি ওই অপরাধ করেন।
ম্যানচেস্টার ক্রাউন কোর্টে ১০ মাসের বিচারের রায়ে লুসিকে সবচেয়ে ঠান্ডা মাথার সিরিয়াল শিশু কিলারদের একজন বলা হয়েছে।
লুসির বিচার চলাকালে কৌসুঁলিরা জুরিদের জানিয়েছেন, লুসি কয়েকটি শিশুর দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং বাকিদের জোর করে দুধ খাইয়ে হত্যা করেছেন। কয়েকজন শিশুর ওপর একাধিকবার আক্রমণ করে তিনি তাদের মৃত্যু নিশ্চিত করেছেন।
লুসিকে গ্রেপ্তার করার পর তার বাড়ি তল্লাশির সময় পুলিশ একটি চিরকুট পায়। তাতে লুসি লেখেন: “আমি তাদের খুন করেছি, কারণ তাদের যত্ন নেওয়ার মতো যথেষ্ট ভালোমানুষ আমি না। আমি ভীষণ খারাপ মানুষ। আমি শয়তান, আমিই এ কাজ করেছি (আই অ্যাম ইভিল, আই ডিড দিস)।”
লুসি যে নবজাতকদের আক্রমণ করেছেন, তাদের কেউ কেউ যমজ ছিল। একটি মেয়েশিশুকে তিনি চারবারের চেষ্টায় হত্যা করেন।
লুসি তার অপরাধ গোপন রাখতে সচেষ্ট ছিলেন। কিন্তু ২০১৫ সালের জানুয়ারি থেকে পরের ১৮ মাসে কাউন্টেস অভ চেস্টার হসপিটালে নবজাতক মৃত্যুর হার অপ্রত্যাশিত রকম বেড়ে গেলে চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং সন্দেহের উদ্রেক হয়।
এর জেরে শুরু হয় তদন্ত, ধরা পড়েন লুসি। সোমবার তাকে আজীবনের কারাদণ্ডের সাজার রায় ঘোষণার পর বিচারক জেমস গোস বলেন, “এটি ছিল শিশু হত্যার একটি নিষ্ঠুর, সুপরিকল্পিত এবং ঘৃণাপূর্ণ ঘটনা যেটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের বিরুদ্ধে ঘটানো হয়েছে। ”
সাজা ঘোষণার সময় লুসিকে উদ্দেশ করে বিচারক আরো বলেন, “আপনার কার্যকলাপের মধ্যে একটি গভীর নৃশংসতা ছিল ... নিজের কৃতকর্মের জন্য আপনার মধ্যে কোন অনুশোচনা নেই। আপনার মধ্যে থামার কোনো লক্ষণ নেই... আপনি আপনার বাকি জীবন জেলে কাটাবেন।”
যুক্তরাজ্যে আজীবনের কারাদণ্ডের সাজা দেওয়ার ঘটনা বেশ বিরল। এর আগে আর মাত্র তিনজন নারীকে এ সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই সিরিয়াল কিলার মাইরা হিন্ডলেই এবং রোজমেরি ওয়েস্ট।
