তাইওয়ানের উত্তরের আকাশসীমা বন্ধ করবে চীন
আকাশসীমা ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধের পরিকল্পনা করছে চীন। এতে ওই অঞ্চলের আশেপাশে ফ্লাইট চলাচল বিঘ্নিত হতে পারে।
তাইওয়ানের উত্তরের আকাশসীমা ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে চীন। এতে ওই অঞ্চলের আশেপাশে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা একথা জানিয়েছেন। তবে এ বিষয়ে জানতে চীন ও তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।
চীনের বাইরের চার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আকাশসীমা বন্ধ হলে তাইওয়ানের নর্দার্ন ফ্লাইট ইনফরমেশন রেজিওন (এফআইআর) বিঘ্নিত হবে এবং তারা আকাশসীমায় এই কড়াকড়ির কারণও জানেন না।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন।
এর প্রতিক্রিয়ায় চীন তাইওয়ান ঘিরে তিনদিনের বড় ধরনের সামরিক মহড়া চালানোর পর আকাশসীমা বন্ধের এই পদক্ষেপ নিচ্ছে।
বিষয়টি সম্পর্কে সরাসরি জানেন এমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আকাশসীমা বন্ধের কারণে উত্তর-পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে চলাচলকারী ফ্লাইট-সহ তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া ও জাপান এবং উত্তর আমেরিকার মধ্যে চলাচলকারী ৬০ থেকে ৭০ শতাংশ ফ্লাইট বিঘ্নিত হবে।
এর আগে গত বছর অগাস্টে চীন সামরিক মহড়া চালানোর সময় আকাশসীমায় কড়াকড়ি আরোপ করায় ওই অঞ্চলে ফ্লাইট চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছিল। অনেক বিমানের পাইলটদেরকে বাড়তি জ্বালানিও বহন করতে হয়েছিল বলে জানিয়েছে বিমান চলাচল সংক্রান্ত ওপিএসগ্রুপ।
