২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহিত সাগরে হুতি নৌকা ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

হুতিদের চারটি ছোট নৌকার ক্রুরা লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজে ওঠার চেষ্টা করার সময় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার হামলার শিকার হয়।

লোহিত সাগরে হুতি নৌকা ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 06:57 PM

Updated : 01 Jan 2024, 02:17 AM

লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা ছোট ছোট কয়েকটি হুতি নৌকা ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে চারটি নৌকা মেয়াস্ক হাংঝৌর দিকে গোলা ছুড়ে এবংজাহাজটির কয়েক মিটরের মধ্যে চলে আসে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

এরপরই কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারগুলো ওই জাহাজটির ডাকে সাড়া দিয়ে এগিয়ে যায় এবং পরে হামলার মুখে পড়ে প্রতিরক্ষার্থে তিনটি নৌকা ডুবিয়ে দেয়।

এতে নৌকাগুলোর ক্রুরা সবাই মারা যায় এবং চতুর্থ নৌকাটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।

হুতিরা দাবি করে আসছে যে,গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা লোহিত সাগরের জাহাজ চলাচল পথে মূলত ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে নিশানা করেই হামলা চালাচ্ছে।

ছিনতাইয়ের মুখে পড়া মেয়ার্স্ক হাংঝৌ সিঙ্গাপুরের নিবন্ধিত এবং ড্যানিশ ফার্মের পরিচালনা ও মালিকানাধীন জাহাজ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

হুতিদের চারটি ছোট নৌকা ওই কন্টেইনার জাহাজটির ২০ মিটারের (৬৬ ফুট) মধ্যে থাকার সময় হামলার শিকার হয়। নৌকার ক্রুরা জাহাজটিতে ওঠার চেষ্টা করেছিল।

সে সময় জাহাজের ক্রুরা সাহায্যের জন্য সংকেত দেয় এবং নিরাপত্তা টীম পাল্টা গোলা ছুড়ে সুরক্ষা দেয় বলে জানানো হয়েছে একটি বিবৃতিতে।

কাছাকাছি অবস্থানে থাকা ইউএসএস বিমানবাহী একটি রণতরী এবং ইউএসএস গ্রেভলি ডেস্ট্রয়ার জাহাজটির সাহায্যের আবেদনে সাড়া দেয় এবং ছোট নৌকাগুলোতে ফোন কল করার প্রক্রিয়া চলার সময় গুলিও ছোড়ে।

হেলিকপ্টার থেকে প্রতিরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে চারটি ছোট নৌকার তিনটিই ডুবে যায় এবং ক্রুরা মারা যায় বলে জানিয়েছে সেন্টকম। চতুর্থ নৌকাটি পালিয়ে যায়। হামলা পাল্টা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনও সামরিক কর্মকর্তা কিংবা তাদের হাতিয়ারের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২৪ ঘন্টার মধ্যে মেয়ার্স্ক হাংঝৌর ওপরে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে শনিবার জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে সেটিতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।