ইউক্রেইনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে গোলা কিনবে যুক্তরাষ্ট্র
গোলা কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এক লাখ গোলা কেনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এসব গোলা ইউক্রেইনকে দেওয়া হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
তিনি বলেন, গোলা কেনার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এক লাখ রাউন্ড ১৫৫ মিলিমিটার কামানের গোলা কিনে পরে এগুলো ইউক্রেইনের কাছে হস্তান্তর করতে চায়।
গোলা কেনা নিয়ে কথাবার্তা চলছে বলে শুক্রবার জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা। আলোচনায় দক্ষিণ কোরিয়া ইউক্রেইনে তাদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করার নীতিতে অটল থাকার ওপর জোর দিচ্ছে।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেইনকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা না দেওয়ার ব্যাপারে সিউলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রই এর ‘শেষ ব্যবহারকারী হবে’ এমনটাই তারা বিশ্বাস করে; সেই প্রেক্ষাপটেই আলোচনা চালানো হচ্ছে।
মার্কিন ওই কর্মকর্তা জানান, এসব গোলা কিনতে ইউক্রেইন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) তহবিল ব্যবহার করা হবে। তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়ে এগুলো ইউক্রেইনে পাঠানো হবে কি না সেটি স্পষ্ট নয়।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের মজুতে ১৫৫মিমি গোলাবারুদের ঘাটতি পূরণের জন্য এই গোলা রপ্তানি নিয়ে মার্কিন ও কোরিয়ান কোম্পানিগুলোর মধ্যে আলোচনা চলছে।”
কিন্তু এই আলোচনার খবর প্রকাশ হয়ে গেলে চুক্তিটি ঝুঁকিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা।
