২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে কিশোরকে গুলি করে হত্যা: ৬ পুলিশ বরখাস্ত

রাজধানী ম্যানিলার কাছে জেলেদের একটি গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে সে আতঙ্কে পানিতে ঝাঁপিয়ে পড়লে পুলিশ তার মাথায় গুলি করে।

ফিলিপিন্সে কিশোরকে গুলি করে হত্যা: ৬ পুলিশ বরখাস্ত

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 11:56 PM

Updated : 11 Aug 2023, 12:00 AM

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ভুল করে খুনি সন্দেহে এক কিশোরকে গুলি করে হত্যা করা ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

নিহত কিশোরের নাম জেরহোদ বালতাজার। রাজধানী ম্যানিলার কাছে জেলেদের একটি গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে সে আতঙ্কে পানিতে ঝাঁপিয়ে পড়লে পুলিশ তার মাথায় গুলি করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১৭ বছরের ওই কিশোর নিরস্ত্র অবস্থায় থাকার পরও তাকে গুলি করা পুলিশসদস্যদের ‘ভুল সিদ্ধান্ত’ ছিল।

নাভোতাস নগরীর পুলিশ প্রধান কর্নেল অ্যালান উমিপিগ স্থানীয় টেলিভিশনে বলেন, “তারা আত্মরক্ষার স্বার্থে গুলি করেছে এমন দাবি করতে পারবে না। কারণ, তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে নিহত কিশোর তাদের গ্রেপ্তারে বাধা দিয়েছিল।”

পুলিশ কী কারণ ওই কিশোরকে সন্দেহভাজন খুনি মনে করেছিল, যাকে তারা খুঁজছে তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা নাভোতাসেই আরেকটি গুলির ঘটনায় সন্দেহভাজন হত্যাকারীকে খুঁজছিল।

ওই ছয় পুলিশ কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর যতদিন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে তদন্ত করবে ততদিন তাদের বন্দি রাখা হবে।

যদি নরহত্যা প্রমাণ হয় তবে ফিলিপিন্সের আইনে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারদণ্ড হবে।

নিহত কিশোরের বাবা জেসে বালতাজার পানি থেকে তোলার পর তার ছেলের মৃতদেহ গ্রহণ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

যেখানে তাকে প্রশ্ন করতে শোনা যায়, “পুলিশ দাবি করছে তারা সতর্ক করতে গুলি ছুড়েছে। তবে কেনো আমার ছেলের মাথায় গুলি লাগলো?”

ওই কিশোরের মা কাতারে কাজ করেন। ছেলের মৃত্যুতে তিনি দেশে আসতে পারেননি। ভিডিও কলের মাধ্যমে ছেলের কফিন দেখেছেন।

তিনি স্থানীয় একটি টেলিভিশনে বলেন, ছেলের দাফনের জন্য তাকে অর্থ পাঠাতে হচ্ছে, এমনটা তিনি কখনো কল্পনাও করতে পারেননি।

মামলা না করার জন্য পরিবারটিকে ৫০ হাজার পেসো ‘ঘুষ সাধা হয়েছিল’ বলেও দাবি করেন নিহত কিশোরের বোন।

ফিলিপিন্সে গত কয়েক বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে। বিশেষ করে মাদক চক্রের সঙ্গে জড়িতদের প্রতিনিয়ত বিচার ছাড়াই হত্যা করা হচ্ছে। যদিও প্রশাসন থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলেছে, তারা কোনো অন্যায় করছে না।