রাজবাড়ীতে ১৫ মামলার আসামিকে গুলি করে হত্যা
পিয়ারুল ইসলাম ১৫ মামলার আসামি ছিলেন।
রাজবাড়ীতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান।
নিহত পিয়ারুল ইসলাম (৩২) সজ্জনকান্দা পূর্বপাড়া এলাকার হারুন সরদারের ছেলে।
রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পিয়ারুল বাড়ি থেকে বের হয়ে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষে বের হওয়ার পরপরই মোটরসাইকেলে আসা একদল লোক তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঠিক কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
