শেষ পর্যন্ত মারাই গেলেন কফিনে জেগে ওঠা সেই নারী
গত সপ্তাহে বেলা মন্টোয়া নামের এই নারীকে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন।
ইকুয়েডরে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কফিনে জেগে উঠেছিলেন যে নারী, শেষ পর্যন্ত স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর তার মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে বেলা মন্টোয়া নামের এই নারীকে প্রথমে বাবাহোয়ো নগরীর একটি হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন।
কিন্তু তার শেষকৃত্যের সময় ওই নারী কফিনের ভেতরে জেগে উঠলে তাকে আবার সঙ্গে সঙ্গে একই হাসপাতালে নেওয়া হয়।
৭ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রণালয় নিশ্চিত করে জানায় যে, তিনি শুক্রবার স্ট্রোকে মারা গেছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে তিনি সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন।
১৬ জুনে তার মৃত্যুর পর তাকে আবার একই নগরীতে শেষকৃত্যের জন্য নেওয়া হয় এবং পাবলিক সমাধিস্থলে সমাহিত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
