ক্যাপিটলে দাঙ্গা: ‘প্রাউড বয়েজ’ নেতার ২২ বছর জেল
৩৯ বছর বয়সী তারিও ওই দাঙ্গার সময় ওয়াশিংটন ডিসিতে ছিলেন না। তবে তিনিই ছিলেন ওই হামলা পরিকল্পনার হোতা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে দাঙ্গার ঘটনায় ট্রাম্পপন্থি উগ্র ডান সংগঠন ‘প্রাউড বয়েজ’ এর শীর্ষ নেতাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ক্যাপিটল হিলে ওই হামলার ঘটনায় এটাই এ পর্যন্ত দেওয়া সর্বোচ্চ সাজার রায়।
প্রাউড বয়েজের ন্যাশনাল চেয়ারম্যান এনরিক তারিওকে গত মে মাসে এ মামলায় রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হল।
মার্কিন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায়। সে সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে রাখতে লড়াইয়ের ডাক দিয়েছিল প্রাউড বয়েজ।
৩৯ বছর বয়সী তারিও ওই দাঙ্গার সময় ওয়াশিংটন ডিসিতে ছিলেন না। তবে তিনিই ছিলেন ওই হামলা পরিকল্পনার হোতা। সেদিন দাঙ্গার মধ্যে এক হাজার একশর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রায় ঘোষণার আগে তারিওকে ওয়াশিংটন ফেডারেল আদালতে কাঁদতে দেখা যায়। পুলিশ ও ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ক্যাপিটলে হামলার ওই ভূমিকার জন্য তিনি লজ্জিত। বাতি জীবন তাকে এই লজ্জা বয়ে বেড়াতে হবে।
কমলা রঙের কয়েদির পোশাক পরিহিত তারিও আদালতে বলেন, “আমিই আমার সবচেয়ে বাজে শত্রুর মত আচরণ করেছি।”
২০২০ সালের নভেম্বরের সেই নির্বাচনে ট্রাম্প যে হেরে গিয়েছিলেন, তা স্বীকার করে নিয়ে প্রাউড বয়েজের নেতা বলেন, ভোটের ফল পাল্টানো তার উদ্দেশ্য ছিল না। সেটা সম্ভব বলেও তিনি মনে করেননি।
বিচারককে তিনি বলেন, “আমার প্রতি দয়া করুন। আমার জীবন থেকে এই বয়সটা কেড়ে নেবেন না।”
রায়ে বিচারক বলেন, ক্যাপিটল হিলে হামলার ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল ভিত্তিতে আঘাত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরম শান্তি দেওয়া হল।
ওই ঘটনায় গত বৃহস্পতিবার প্রাউড বয়েজের ফ্লোরিডা শাখার নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
