২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান পাকিস্তানের

ভারতীয় ওই ক্ষেপণাস্ত্রটি শব্দের ৩ গুণ গতিতে পাকিস্তানের ভেতরে ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে খোলা প্রান্তরে বিস্ফোরিত হয়েছিল।

ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান পাকিস্তানের

ভারত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের মিয়া চান্নু এলাকায় পড়েছিল বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 12:03 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

পাকিস্তানি ভূখণ্ডে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে যৌথ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।

বুধবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভারতের দাবি অনুযায়ী, ৯ মার্চ রুটিন রক্ষণাবেক্ষণের সময়কার ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ‘দুর্ঘটনাক্রমে’ ওই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে যায়।

পাকিস্তানের দেওয়া তথ্য অনুযায়ী, সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের ৩ গুণ গতিতে ৪০ হাজার ফুট উপর দিয়ে পাকিস্তানের আকাশসীমার ভেতরে ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে খোলা প্রান্তরে এসে পড়ে বিস্ফোরিত হয়, তবে এতে কেউ হতাহত হয়নি।

মার্চের ওই ঘটনা পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’আখ্যায়িত করে এর জন্য দিল্লি তাদের রুটিন রক্ষণাবেক্ষণের সময়কার ‘প্রযুক্তিগত ত্রুটি’কে দায় দিয়েছিল।

আর ইসলামাবাদ দিল্লিকে ‘এই ধরনের অবহেলাজনিত অপ্রীতিকর ঘটনার’ পরিণতি সম্পর্কে সচেতন হতে এবং একই ধরনের ঘটনার পুনরাবত্তির ব্যাপারে সতর্ক করে ঘটনার ব্যাখ্যা চেয়েছিল।

পুরনো খবর:

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়া কর্মকর্তাদের বরখাস্ত করল ভারত

কিন্তু হতাহতের কোনো ঘটনা না ঘটায় শান্তভাবে তদন্ত করে ঘটনার মিমাংসায় সম্মত হয় উভয়পক্ষ।

পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়া যৌথভাবে বানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানায়, তাদের করা তদন্ত শেষে বের হয়ে এসেছে ‘নিয়মমাফিক কার্যক্রম পরিচালনায়’তিন কর্মকর্তার ‘বিচ্যুতি’র কারণেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি দুর্ঘটনাক্রমে বেরিয়ে যায়, ঘটনার জন্য দায়ী ওই কর্মকর্তাদের তাৎক্ষণিভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

কিন্তু ভারতীয় এই ব্যাখ্যা মেনে না নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এ ঘটনার তদন্ত শেষ করার ভারতীয় সিদ্ধান্তকে পাকিস্তান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে এবং যৌথ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করছে।”

এতে আরও বলা হয়েছে, ঘটনার পর ভারত যেসব পদক্ষেপ নিয়েছে এবং তথাকথিত অভ্যন্তরীণ তদন্ত আদালতের মাধ্যমে যেসব তথ্য উদ্ঘাটন করেছে ও শাস্তির ব্যবস্থা নিয়েছে সেসব পুরোপুরি অসন্তোষজনক, অসম্পূর্ণ ও অপর্যাপ্ত।

“ভারত যৌথ তদন্তের দাবিতে সাড়া দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি তাদের যে কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেম চালু আছে তা নিয়ে, সেইফটি ও সিকিউরিটি প্রটোকল এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার করতে ভারতের কেন দেরি হল সেসব নিয়ে পাকিস্তানের তোলা প্রশ্নও কৌশলে এড়িয়ে গেছে,” বিবৃতিতে বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, যদি সত্যিই ভারতের কিছু লুকানোর না থাকে তাহলে স্বচ্ছতার খাতিরে তাদের পাকিস্তানের যৌথ তদন্তের দাবি অবশ্যই মেনে নেওয়া উচিত।