২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়া কর্মকর্তাদের বরখাস্ত করল ভারত

পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ‘দুর্ঘটনাক্রমে’ ছোড়া হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

পাকিস্তানে ‘দুর্ঘটনাক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়ার’ দায়ে বিমান বাহিনীর ৩ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত সরকার।

মার্চের ওই ঘটনা পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল।

বিবিসি জানিয়েছে, ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’আখ্যায়িত করে এর জন্য দিল্লি তাদের রুটিন রক্ষণাবেক্ষণের সময়কার ‘প্রযুক্তিগত ত্রুটি’কে দায় দিয়েছিল।

আর ইসলামাবাদ দিল্লিকে ‘এই ধরনের অবহেলাজনিত অপ্রীতিকর ঘটনার’ পরিণতি সম্পর্কে সচেতন হতে এবং একই ধরনের ঘটনার পুনরাবত্তির ব্যাপারে সতর্ক করেছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ৯ মার্চের ওই ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

‘নিয়মমাফিক কার্যক্রম পরিচালনায়’ ওই কর্মকর্তাদের ‘বিচ্যুতি’র কারণেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি দুর্ঘটনাক্রমে বেরিয়ে যায়, তদন্তে এটি বেরিয়ে এসেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়া যৌথভাবে বানিয়েছে।

পাকিস্তানি বিমান বাহিনী পরে জানায়, ভারতীয় ওই ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ার আগে মাখ-৩ (শব্দের ৩ গুণ) গতিতে ৪০ হাজার ফুট উপর দিয়ে পাকিস্তানের আকাশসীমার ভেতর ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল।

“ক্ষেপণাস্ত্রটি ভারত ও পাকিস্তানের আকাশসীমায় থাকা অনেক আন্তর্জাতিক বিমান ও যাত্রী এবং মাটিতে থাকা সম্পদ ও মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছিল,” বলেছিল তারা।

ওই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারত তার অস্ত্র ব্যবস্থাপনার ‘নিরাপত্তা ও সুরক্ষা’ জোরদারে অগ্রাধিকার দিচ্ছে; তদন্তে ঘাটতি চিহ্নিত হলে তা দ্রুত পূরণ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে এখনও ব্যাপক বৈরিতা বিদ্যমান। দুটো দেশই সমগ্র কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে এলেও প্রত্যেকেই ভূখণ্ডটির পৃথক অংশ শাসন করছে।

কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে অতীতে বেশ কয়েকবার যুদ্ধও হয়েছে।

দিল্লি নিয়মিতই তার প্রতিবেশীর বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে আসছে।