ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি
ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ডেনমার্কের ভাস্কর জেনস গালশিওট মার্কিন প্রেসিডেন্টের এই ২ দশমিক ৬ মিটার উঁচু স্বর্ণ ও ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেন।
ইউরোপিয়ান পার্লামেন্ট ভবনের ভেতর প্রদর্শিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক বিশাল নগ্ন সোনালি মূর্তি।
ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ডেনমার্কের ভাস্কর জেনস গালশিওট মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই ২ দশমিক ৬ মিটার উঁচু স্বর্ণ ও ব্রোঞ্জের মূর্তিটি উন্মোচন করেন।
এর নাম দেওয়া হয়েছে 'অরেঞ্জ প্লেগ' বা কমলা মহামারী। এতে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট এক হাতে একটি গল্ফ ক্লাব ও পৃথিবীর আকৃতির একটি বল এবং অন্য হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা ধরে এক জন কৃশ ও খর্বকায় মানুষের কাঁধের উপর চেপে বসে রয়েছেন। দুই হাঁটু দিয়ে শক্ত করে চেপে রয়েছেন সেই ব্যক্তির মাথা।
ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সাময়িক প্রদর্শনের জন্য মূর্তিটি ভবনের ভেতরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পার ক্লসেন।
ভাস্কর্যের নীচে একটি ফলক রয়েছে, তাতে লেখা “আমি একজন মানুষের পিঠে চড়ে বসে আছি। তিনি আমার ভারে নুয়ে পড়ছেন। তাকে সাহায্য করার জন্য আমি সব কিছুই করব। শুধু তার পিঠ থেকে নেমে যাওয়া ছাড়া।”
ভাস্কর জেন্স জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও সবুজায়ন সংক্রান্ত বিষয়ে ট্রাম্প সরকারের নেতিবাচক কার্যকলাপ এবং বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে এটি একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদ।
জেন্স বলেন, তিনি ট্রাম্প সম্পর্কে বার্তা দেওয়ার জন্যই শিল্পকর্মটি তৈরি করেছেন। "আমি মনে করি ট্রাম্প আমাদের জন্য এক ধরনের মহামারী”, বলেন তিনি।
গালসচিওটকে বামপন্থি ডেনিশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পার ক্লাউসেন আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই মূর্তিটি এর আগে চলতি বছরের শুরুতে কোপেনহেগেনে 'হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড' বিক্ষোভ এবং গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত 'কপ৩০' জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রদর্শিত হয়েছিল।"
ফ্রান্সের স্ট্রাসবার্গে ট্রাম্পের এই মূর্তি প্রদর্শনীর পর জেন্স গালশিওট আগামী মাসে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে 'দ্য অরেঞ্জ প্লেগ' আবার প্রদর্শন করার পরিকল্পনা করছেন।
