ট্রাম্পের সঙ্গে খলিলের দেখা
খলিলুর রহমান লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ওই সাক্ষাতের তথ্য দেওয়া হয়।
খলিলুর রহমান সেখানে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা।”
গত জুনে নির্বাচিত হওয়ার পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান। এর মধ্য দিয়ে বৈশ্বিক সংস্থাটির এই মঞ্চে দ্বিতীয়বারের মত বসেছে বাংলাদেশ।
আশির দশকে সাধারণ পরিষদের ৪০ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আরেক বাংলাদেশি রাজনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।
ওই সময় হুমায়ুন রশীদ চৌধুরী ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা খলিল সভাপতির দায়িত্ব নিয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের ৮ তারিখে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সূচনা হয়। ওই অধিবেশেনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও।
উদ্বোধনী দিন সকালেই সেখানে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, ট্রাম্পের সাক্ষাতের সময় এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো তথ্য দেননি সাধারণ পরিষদের সভাপতি।
