কোভিডে ভোটের আগে ঘরবন্দি নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী
‘টেস্টের রিপোর্ট নেগিটিভ’ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
আর ঠিক দুই সপ্তাহ পর নিউ জিল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট। এর মধ্যেই রোববার প্রধানমন্ত্রী ক্রিস হপকিন্সের কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার খবর এসেছে। ফলে আপাতত ঘরবন্দি থাকতে হচ্ছে লেবার পার্টির এই নেতাকে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, শনিবার থেকে হপকিন্সের সর্দি ও ফ্লুর উপসর্গ দেখা দেয়। আগামী পাঁচদিন অথবা ‘টেস্টের রিপোর্ট নেগিটিভ’ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
এই সময়ে অনলাইনে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন হপকিন্স। আগামী ১৪ অক্টোবর নিউ জিল্যান্ডে পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হবে। ভোটের আগে সর্বশেষ জনমত জরিপে মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টির চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আছে হপকিন্সের লেবার পার্টি।
গত অগাস্ট মাসে নিউ জিল্যান্ড সরকার তাদের জারি করা সর্বশেষ কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়। তবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো কারো অসুস্থ বোধ হলে বা কোভিড ‘পজিটিভ’ হলে পাঁচ দিন বাড়ির ভেতর অবস্থান করার পরামর্শ দিয়ে যাচ্ছে। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
