১৩ ইন্দোনেশীয় সেনাকে হত্যার দাবি পাপুয়ার বিদ্রোহীদের
পাপুয়ার বিদ্রোহীদের হতে দুইমাস ধরে জিন্মি নিউ জিল্যান্ডের একজন পাইলটকে উদ্ধার করতে সেনাবাহিনী ওই অঞ্চলে অভিযান চালিয়েছিল।
ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের বিদ্রোহীরা দেশটির অন্তত ১৩ সেনাসদস্যকে হত্যার দাবি করেছে। গত ফেব্রুয়ারি মাসে পাপুয়ার বিদ্রোহীরা নিউ জিল্যান্ডের একজন পাইলটকে অপহরণ করে। তাকে উদ্ধার করতেই সেনাবাহিনীর ওই দলটিকে পাঠানো হয়েছিল।
অপহরণ হওয়া ওই পাইলটের নাম ফিলিপ মার্ক মেরটেন্স।
পাপুয়ার বিদ্রোহী দল ‘দ্য ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিপিএনপিবি) রোববার এক বিবৃতিতে ইন্দোনেশীয় সেনাদের হত্যার কথা জানায় বলে খবর প্রকাশ করেছে সিএনএন।
বিবৃতিতে বলা হয়, টিপিএনপিবি যোদ্ধারা দুগা অঞ্চলের ইয়াল ও মুগি জেলায় দুইটি সেনা পোস্টে এই সপ্তাহান্তে আক্রমণ চালিয়েছে।
‘‘বিদ্রোহীরা মুগি জেলার সেনাপোস্টে অন্তত ১৩ ইন্দোনেশীয় সেনা ও পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। একটি মৃতদেহ ইন্দোনেশীয় সেনারা নিয়ে যেতে সক্ষম হলেও বাকি ১২টি মৃতদেহ এখনো আমাদের হাতে রয়েছে।”
যদিও তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি বলে জানায় সিএনএন।
এ বিষয়ে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পাইলট মেরটেন্সকে যেখানে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই এলাকার কাছে অভিযান চালাতে গিয়ে তাদের এক সেনাসদস্য নিহত হয়েছেন।
‘‘কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত হয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে তাদের খুঁজে বের করার কাজ কঠিন হয়ে পড়েছে।
‘‘আমরা জানি অপহৃত পাইলটকে কোথায় রাখা হয়েছে। অভিযান আরো জোরদার হচ্ছে। কিন্তু পাপুয়ার আবহাওয়ার নিয়ে তো আগে থেকে কিছু বলা সম্ভব না।”
মুগি জেলায় ১৩ সেনাসদস্যকে হত্যার দাবি করার পাশপাশি আলাদা করে ইয়াল জেলায় রোববার আরো নয় সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। বলেছে, ওই সেনাসদস্যরা তাদের হাতে ধরা পড়েছিল।
বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, গত মার্চ মাসের শেষ দিকে সেনাবাহিনী ইয়াল জেলায় অভিযান চালিয়ে একজন অন্তঃস্বত্তা নারী এবং দুই বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করে। তার প্রতিশোধ নিতেই তারা ইয়াল সেনাপোস্টে হামলা চালিয়েছে।
নিউ জিল্যান্ডের পাইলটের বিষয়ে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তারা নিউ জিল্যান্ড এবং ইন্দোনেশিয়া সরকারকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু দুই মাস ধরে তাদের পাঠানো চিঠি অবহেলায় ফেলে রাখা হয়েছে, কোনো উত্তর তারা দেয়নি।
গত ফেব্রুয়ারিতে পাপুয়ার প্রত্যন্ত দুগা জেলার পারোতে একটি ছোট রানওয়েতে এক ইঞ্জিনের একটি বিমান অবতরণ করার কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহীরা তাতে হামলা চালায় এবং পাইলট মেরটেন্সকে ধরে নিয়ে যায়।
ছোট এই বিমানটি সেখান থেকে ১৫ জন নির্মাণ কর্মীকে তুলে নিয়ে আসতে গিয়েছিল। এই কর্মীরা সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করছিলেন কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা তাদের হত্যার হুমকি দিয়েছিল।
গত বছর থেকে পাপুয়ায় বিদ্রোহীদের হামলা অনেক বেড়েছিল। এ সময় বহু বিদ্রোহী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নিহত হন।
