হংকংয়ে উড়োজাহাজের টায়ার ফেটে ১১ যাত্রী আহত
ক্যাথে প্যাসিফিকের সিএক্স ৮৮০ ফ্লাইটে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী ক্যাথে প্যাসিফিকের একটি উড়োজাহাজের টায়ার ফেটে ১১ যাত্রী আহত হয়েছে।
শনিবার ভোরে ক্যাথে প্যাসিফিকের সিএক্স ৮৮০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন।
এক বিবৃতিতে ক্যাথে প্যাসিফিক বলেছে, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করা হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিরাপদে সরানোর সময় টায়ার ফেটে যায়।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যাত্রীদের পাঁচটি এসকেপ স্লাইডে করে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন আহত হয়।
“১১ যাত্রীর মধ্যে ৯ জনকে হাসপাতালে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে থাকা বাকি দুই যাত্রী ও তাদের পরিবারকে আমাদের সহকর্মীরা সহযোগিতা করবেন,” বলা হয়েছে বিবৃতিতে।
যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে ক্যাথে প্যাসিফিক।
পুলিশের উদ্ধৃতি দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচক বলেছে, উড়োজাহাজের একটি টায়ার অতিরিক্ত গরম হয়ে ফেটে যায়।
