২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ‘ত্রাণ বিতরণ কেন্দ্রে’ রাশিয়ার হামলায় নিহত ৪

একটি স্কুলকে ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেখানেই হামলাটি চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেইনের ‘ত্রাণ বিতরণ কেন্দ্রে’ রাশিয়ার হামলায় নিহত ৪

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 04:56 PM

Updated : 10 Jul 2023, 04:56 PM

ইউক্রেইনের জাপোরিজিয়ায় অঞ্চলের একটি মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলায় চারজন নিহত হয়েছেন বলে ইউক্রেইন অভিযোগ করেছে।

ইউক্রেইনের জেনারেল প্রসিকিউটর দপ্তরের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকালে ওরিখিভ শহরে হামলাটি চালানো হয়।

দপ্তরটি জানিয়েছে, এ বিষয়ে তারা একটি যুদ্ধাপরাধের ফৌজদারি মামলা দায়ের করবে।  

জাপোরিজিয়া অঞ্চলের গভর্নর ইউরি মালাশকো জানিয়েছেন, একটি স্কুলকে ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেখানেই একটি স্মার্ট বোমা ব্যবহার করে হামলাটি চালিয়েছে রুশ বাহিনী।

টেলিগ্রাম অ্যাপে তিনি জানান, এ হামলায় চল্লিশোর্ধ তিনজন নারী ও একজন পুরুষ নিহত হন।

হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জেনারেল প্রসিকিউটর দপ্তর জানিয়েছে।

ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার কিছু ছবি অনলাইনে পোস্ট করেছে। তাতে দেখা গেছে, একটি প্রাঙ্গণ ও সংলগ্ন রাস্তায় ধ্বংসস্তূপ ও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে।

বার্তা সংস্থা রয়টার্স এসব প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তবে রাশিয়া জেনেশুনে বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে ইউক্রেইনের যেসব এলাকা রুশ বাহিনীর দখলে চলে গেছে সেগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সম্প্রতি বড় ধরনের পাল্টা হামলা শুরু করেছে কিইভ। জাপোরিজিয়া অঞ্চলেও রাশিয়ার অধিকৃত এলাকাগুলো পুনরুদ্ধারে পাল্টা হামলা পরিচালনা করছে ইউক্রেইনের সামরিক বাহিনী।  

আরও পড়ুন:

পুরনো খবর:

ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা, মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়ছে