পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি অভিযানে ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি সেনারা নাবলুসে একটি বাড়ি ঘেরাও করলে স্থানীয় অধিবাসীরা প্রচণ্ড গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানায়।
অধিকৃত পশ্চিমতীরে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে।
ইসরায়েলি সেনারা নাবলুসে একটি বাড়ি ঘেরাও করলে শুক্রবার সকালে স্থানীয় অধিবাসীরা প্রচণ্ড গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানায়।
বিবিসি জানায়, নিহত দুই ফিলিস্তিনি যোদ্ধার একজন ৩৪ বছর বয়সী খাইরি শাহীন এবং অপরজন ৩২ বছর বয়সী হামজা মকবুল।
ইসরায়েল বলছে, এই দুইজনই ওয়ান্টেড বন্দুকধারী। তারা ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালিয়েছিল।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস এই দুই ফিলিস্তিনিকে ‘প্রতিরোধ লড়াইয়ের বীর যোদ্ধা’ আখ্যা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করেছে।
পশ্চিম তীরের জেনিনে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানের জেরে সহিংসতা দ্রুত বাড়তে থাকার মধ্যে নাবলুসে এ অভিযান চলল।
জেনিনে তিনদিনের অভিযানে ১২ জন ফিলিস্তিনি ও ১ জন ইসরায়েলি নিহত হয়। জেনিনে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে বন্দুকযুদ্ধও হয়েছে।
নাবলুসে শুক্রবারের অভিযানের পর সামনে আসা একটি ভিডিওতে ওই দুই ফিলিস্তিনিকে দেখা গেছে। ভিডিওটি এ সপ্তাহের শুরুর দিকে ধারণ করা বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওতে দুই ফিলিস্তিনি নিজেদেরকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’ (পিএফএলপি) এর সঙ্গে জড়িত বলে দাবি করে এবং জেনিনে ইসরায়েলি হামলার জবাব দেবে বলেও অঙ্গীকার করে।
নাবলুসের কাছের ইহুদি বসতিতে একটি দোকান এবং পুলিশের গাড়িতে গুলির ঘটনায় এই দুই ফিলিস্তিনিকে সন্দেহ করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সাবাক।
নাবলুসের অভিযানে তরুণ ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সহিংস সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনের রেডক্রিসেন্ট কর্মীরা বলেছে, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ভিড়তে পারেনি। একজনের পায়ে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছে তারা।
