২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির পথে এগুচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া প্রকাশ্যে রাশিয়াকে অস্ত্র সহায়তা করার কথা অস্বীকার করে আসলেও দেশটির সঙ্গে তাদের অস্ত্রচুক্তির পথে এগুনোর এ খবর এসেছে।

উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির পথে এগুচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 11:07 PM

Updated : 31 Aug 2023, 11:06 PM

রাশিয়া ও উত্তর কোরিয়া সম্ভাব্য অস্ত্র চুক্তি করা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা এগিয়ে নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রকাশিত নতুন গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র প্রশাসন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

চুক্তি বাস্তবায়ন হলে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবস্থার উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাবে রাশিয়া এবং ইউক্রেইনে হামলার জন্য তারা এসব অস্ত্র ব্যবহার করবে। 

উত্তর কোরিয়া প্রকাশ্যে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার কথা অস্বীকার করে আসলেও দেশটির সঙ্গে তাদের অস্ত্রচুক্তির পথে এগুনোর এ খবর এসেছে।

সিএনএন জানায়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি ‘একঘরে’ রাষ্ট্রের মধ্যে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা চলছে।

গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেছেন। এরপর রাশিয়ার কর্মকর্তাদের আরেকটি প্রতিনিধিদল সম্ভাব্য অস্ত্রচুক্তির জন্য আলোচনা আরও এগিয়ে নিতে পিয়ংইয়ং সফর করেছে। 

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, “দ্বিতীয় প্রতিনিধিদলের ওই সফর ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা উদ্বিগ্ন যে, উত্তর কোরিয়া ইউক্রেইনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার কথা বিবেচনা করেই যাচ্ছে।

“তাছাড়া, আমাদের কাছে নতুন তথ্য রয়েছে যেটা আমরা জানাচ্ছি যে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা জোরেসোরেই এগুচ্ছে। এসব আলোচনার পর রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে আগামী মাসগুলোতে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।”