জাপানে ভূমিকম্প: ৩ দিন পর ধ্বংসস্তুপ থেকে বৃদ্ধাকে জীবিত উদ্ধার
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুজু ও ওয়াজিমা শহরে।
জাপানে শক্তিশালী ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর এক বৃদ্ধাকে তার ধসে পড়া বাড়ির নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধার বয়স ৮০র কোটায়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় (এনএইচকে) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওয়াজিমা শহরে তার বাড়ির ধ্বংস্তূপের নিচ থেকে ওই বৃদ্ধাকে বের করে আনা হচ্ছে।
নতুন বছরের প্রথম দিন সোমবার স্থানীয় সময় বিকালে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানের মধ্যাঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপে। সেখানে ভূমিকম্পে অন্তত ৮৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো অনেক মানুষ ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুজু ও ওয়াজিমা শহরে।
ভূমিকম্পের পর তিন দিন পরিয়ে গেলেও এখনো হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন হয়ে আছে। ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এখনো শতাধিক মানুষের কাছে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার সকালে এক বার্তায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পের পর ধ্বংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা রাতদিন এক করে কাজ করছেন। যাতে যত দ্রুত সম্ভব বাকিদের উদ্ধার করা সম্ভব হয়।
