তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ব্রাজিল ফিরছেন বোলসোনারো
দেশে ফেরার পর সাবেক এই প্রেসিডেন্টকে একাধিক আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে।
প্রতিদ্বন্দ্বীর অভিষেক অনুষ্ঠান এড়াতে দেশ ছেড়ে তিন মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর ব্রাজিলে ফেরার পথে রয়েছেন দক্ষিণ আমেরিকার দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
জানুয়ারিতে তার সমর্থকরা ব্রাজিলের সুপ্রিম কোর্ট, কংগ্রেস ও প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালিয়েছিল; তার আগের কয়েক সপ্তাহ তারা প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিল। গত বছরের ওই প্রেসিডেন্ট নির্বাচনে বোলসোনারো এখনকার প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হয়েছিলেন।
দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে দেওয়া ভাষণে ডানপন্থি এই রাজনীতিক বলেন, তিনি লুলাবিরোধীদের নেতৃত্ব দেবেন না। তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ‘অভিজ্ঞ ব্যক্তি হিসেবে’ লিবারেল পার্টিকে সহায়তা এবং আগামী বছর স্থানীয় নির্বাচনের প্রচার চালাতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করতে আগ্রহও ব্যক্ত করেছেন অক্টোবরের নির্বাচনে সামান্য ব্যবধানে হারা বোলসোনারো।
ব্রাজিল ফেরার বিমানে উঠতে ফ্লোরিডার অরলান্ডোর টার্মিনালে পৌঁছে তিনি এক ঝাঁক সমর্থকের সঙ্গে কথা বলেছেন ও ছবি তুলেছেন; বৃহস্পতিবার ভোরের দিকে তার ব্রাসিলিয়ায় নামার কথা বলে জানিয়েছে বিবিসি।
দেশে ফেরার পর সাবেক এই প্রেসিডেন্টকে একাধিক আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে।
তার বিরুদ্ধে লুলার অভিষেকের সপ্তাহখানেক পর গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে হামলায় উসকানির অভিযোগে তদন্ত চলছে। এছাড়া তার ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০১৯ সালে তাদেরকে দেওয়া সৌদি আরবের কয়েক মিলিয়ন ডলারের স্বর্ণালঙ্কার অবৈধভাবে আমদানি ও নিজেদের কাছে রাখার চেষ্টা সংক্রান্ত একটি অভিযোগও ঝুলছে।
বোলসোনারোর ঘনিষ্ঠ একজন ২০২১ সালে ওই স্বর্ণালঙ্কার দেশে আনতে গেলে ব্রাজিলের শুল্ক কর্মকর্তারা সেগুলো জব্দ করে।
বুধবার ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ এই মামলায় ৫ এপ্রিল সাক্ষ্য দিতে বোলসোনারোকে ডেকে পাঠিয়েছে।
এগুলোর বাইরেও ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী আদালতে (টিএসই) বোলসোনারোর নামে ১৬টি অভিযোগ আছে, দোষী প্রমাণিত হলে তিনি ৮ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না।
উত্তরসূরী লুলার শপথ গ্রহণের আগে ডিসেম্বরেই ডানপন্থি রাজনীতিক বোলসোনারো ফ্লোরিডা উড়ে যান এবং যুক্তরাষ্ট্রে ৬ মাসের ট্যুরিস্ট ভিসার আবেদন করেন।
গত বছরের অক্টোবরের নির্বাচনে তিনি সামান্য ভোটের ব্যবধানে বামপন্থি প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়েছিলেন। এরপর তার সমর্থকরা নির্বাচনে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভে নামে, যার ধারাবাহিকতায় ৮ জানুয়ারি ব্রাজিলের রাজধানী তুমুল সহিংসতার সাক্ষী হয়।
সেদিনের সহিংসতার জন্য বোলসোনারোর কণ্ঠে ‘অনুশোচনা’ ঝরে পড়লেও নিজেকে এর কারণ মেনে নিতে রাজি নন তিনি।
অবশ্য এরপরও ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাদের তদন্তে ৮ জানুয়ারি সরকারি ভবনগুলোতে তাণ্ডবের ঘটনায় বোলসোনারোকে অন্তর্ভুক্ত করে নেয়।
জানুয়ারিতে কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালানোর আগে বোলসোনারোর সমর্থকরা কয়েক সপ্তাহ ধরে ব্রাসিলিয়া ও এর আশপাশে অবস্থান নিয়ে সামরিক বাহিনীকে অভ্যুত্থানে নামার আহ্বান জানিয়েছিল। পরে ৮ জানুয়ারি সহিংসতার ঘটনায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
বোলসোনারোর দেশে ফেরার খবরে ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ তাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সক্রিয় করেছে এবং সাবেক প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ভিড় না করতে সমর্থকদের নির্দেশও দিয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম।
সিএনএন জানিয়েছে, বোলসোনারোর ইচ্ছা ছিল, তিনি দেশে ফিরে ছাদ খোলা গাড়িতে ব্রাসিলিয়ার রাস্তাগুলোতে চক্কর দেবেন, কিন্তু পুলিশ তার সেই আকাঙ্ক্ষায় বাধ সেধেছে।
কর্তৃপক্ষ রাজধানীর কেন্দ্রবিন্দু মিনিস্ট্রিজ এসপ্লানেডের চারপাশও নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে, ৮ জানুয়ারি বোলসোনারো সমর্থকরা যেসব ভবনে হামলা চালিয়েছিল, সেগুলো এই মিনিস্ট্রিজ এসপ্লানেডেই অবস্থিত।
