০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলে প্রথম দফার ভোটে লুলাকে পেছনে ফেললেন বলসোনারো, লড়াই গড়াল ‘রানঅফে’

প্রথম দফায় ফ্লাভিওর এই ফলাফলকে প্রত্যাশার চেয়ে ভালো ফল হিসেবে দেখা হচ্ছে।

ব্রাজিলে প্রথম দফার ভোটে লুলাকে পেছনে ফেললেন বলসোনারো, লড়াই গড়াল ‘রানঅফে’

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারো। রোববার প্রথম দফার ভোটের পর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে রানঅফে মুখোমুখি হচ্ছেন তিনি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 11:19 AM

Updated : 05 Oct 2026, 11:19 AM

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলেছেন ডানপন্থি সেনেটর ফ্লাভিও বলসোনারো।

তবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি ফ্লাভিও। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার (রান অফ) ভোটে লুলার সঙ্গে তার লড়াই হবে।

বিবিসি লিখেছে, ৯৯ শতাংশ ভোট গণনার পর ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট, আর লুলা পেয়েছেন ৪৫ দশমিক ১৬ শতাংশ।

নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে লুলা প্রায় তিন শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হয়েছিল। ফলে প্রথম দফায় ফ্লাভিওর এই ফলাফলকে প্রত্যাশার চেয়ে ভালো ফল হিসেবে দেখা হচ্ছে।

ফ্লাভিও সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর ‘অভ্যুত্থানের ষড়যন্ত্রের’ অভিযোগে জাইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

প্রথম দফার ভোটের ফল প্রকাশের পর ব্রাসিলিয়ায় সাংবাদিকদের ফ্লাভিও বলেন, “ব্রাজিল পরিবর্তন চায় এবং আমি ফলাফলে খুবই আনন্দিত।”

তিনি লুলার ওয়ার্কার্স পার্টির শাসনের ‘সমাপ্তির’ কথাও বলেন।

অন্যদিকে সাও পাওলোতে সমর্থকদের উদ্দেশে লুলা বলেন, প্রথম দফাতেই তিনি জিতবেন বলে নিশ্চিত ছিলেন। তবে এখন নতুন করে প্রচার শুরু করে ভোটারদের সামনে তার সরকারের অর্জন তিনি তুলে ধরবেন।

“খেলা এখন শুরু হতে যাচ্ছে। আমরা অতিরিক্ত সময়ে আছি। অতিরিক্ত সময়েই আমরা ব্রাজিলের জনগণের সমর্থন জয় করব,” বলেন লুলা।

বিস্তারিত আসছে