ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দুইটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুইটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।
শনিবার ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান। এবার পুরো বছর জুড়েই আন্দোলন এবং গ্রেপ্তার হওয়াসহ নানা কারণে নিয়মিত খবরের শিরোনাম থেকেছেন তিনি। তোষাখানা মামলায় দোষীসাব্যস্ত হয়ে তিন বছরের কারাদণ্ড পাওয়া ইমরান বর্তমানে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে আরো কয়েক ডজন মামলার বিচার চলছে।
পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির সংবিধান অনুযায়ী, আদালতে কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সরকারি পদের জন্য নির্বাচন করতে পারবেন না। তরপরও দল থেকে ইমরানের মনোনয়নপত্র শুক্রবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল।
পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের দুইটি আসনে নির্বাচনে অংশ নিতে ইমরানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। লাহোরে তার মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে পাকিস্তান নির্বাচন কমিশন থেকে বলা হয়, “প্রথমত তিনি ওই নির্বাচনী এলাকার নিবন্ধিত ভোটার নন। দ্বিতীয়ত তিনি আদালত থেকে সাজাপ্রাপ্ত বিধায় আইনানুযায়ী নির্বাচনে অংশ নিতে অযোগ্য।“
তার নিজের শহর মিয়ানওয়ালি থেকেও ইমরানের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআই এর মিডিয়া টিম।
ইমরানকে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। অথচ তিনিই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছেন না। এজন্য তিনি দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীকে দায়ী করেছেন। বলেছেন, তিনি সামরিক বাহিনীর ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার কারণেই তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।
পাকিস্তান সামরিক বাহিনী ইমরানের এই অভিযোগ অস্বীকার করেছে।
শুধু ইমরান খান নন বরং তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশীসহ আরো জ্যেষ্ঠ কয়েকজন নেতার মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
যদিও দুর্নীতির দুটো মামলায় আদালতে দণ্ডপ্রাপ্ত সাবেক আরেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে দুইটি আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নওয়াজ। নির্বাচনে অংশ নিতে গত অক্টোবরে তিনি লন্ডনে চার বছরের স্বেচ্ছা নির্বাসন ছেড়ে দেশে ফেরেন। কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের একটি আদালত নওয়াজের দণ্ড বাতিল করে।
তবে নওয়াজকে আজীবন কোনো সরকারি পদে নিষিদ্ধ করার য়ে রায় দেওয়া হয়েছিল তা এখনো বহাল আছে। তাই তার মনোনয়নপত্র ঠিক কিসের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নওয়াজ আজীবন নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করেছেন এবং আগামী জানুয়ারিতে তার শুনানি শুরু হওয়ার কথা।
২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজকে নির্বাচনে অংশ নিতে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছিল।
