২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ডয়চে ব্যাংকের সদরদপ্তরে পরিবেশকর্মীদের প্রতিবাদী ব্যানার

জার্মানির ফ্রাংকফুর্টে ডয়চে ব্যাংকের টুইন টাওয়ার অফিসের সামনের ভবনে টানানো ব্যানারে লেখা ‘জলবায়ু সুরক্ষায় ডিডব্লিউএসকে ঠেকাতে বল প্রয়োগ করতে হবে’।

জার্মানির ডয়চে ব্যাংকের সদরদপ্তরে পরিবেশকর্মীদের প্রতিবাদী ব্যানার

ছবি:গ্রিনপিস জার্মানি/টুইটার

নিউজ ডেস্ক

Published : 14 Jun 2023, 11:30 PM

Updated : 14 Jun 2023, 11:36 PM

জলবায়ু বিনিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ডয়চের সদরদপ্তরে ব্যানার টানিয়ে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মীরা।

বুধবার ব্যাংকটির সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি  ডিডব্লিউএস এর বিনিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এমন পন্থা বেছে নেয় বলে জানিয়েছে সিএনএন।

ওদিকে, ডিডব্লিউএস এর বেশিরভাগ শেয়ারও ডয়চে ব্যাংকের।

ফলে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের বার্ষিক সভার একদিন আগে এ পদক্ষেপ নেয় গ্রিনপিস কর্মীরা। বৃহস্পতিবার এ বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডয়চে ব্যাংক বলছে, পরিবেশের জন্য টেকসই পদক্ষেপ নিতে জলবায়ু সুরক্ষাকে তারা ‘কৌশলগত অগ্রাধিকার’ দিচ্ছে।

আর এ ব্যবস্থাপনা আরও সামনে এগিয়ে নিতে ডিডব্লিউএস এর পদক্ষেপকে সমর্থনও করছে তারা।

বুধবার স্থানীয় সময় মধ্য রাতে জার্মান ভাষায় লেখা ব্যানারটি টানানো হয়; ফ্রাংকফুর্টে ডয়চে ব্যাংকের টুইন অফিস টাওয়ারের সামনের ভবনে টানানো ব্যানারে লেখা ‘জলবায়ু সুরক্ষায় ডিডব্লিউএস-কে ঠেকাতে বল প্রয়োগ করতে হবে’।

ওই সময় অন্তত আধডজন পুলিশের গাড়ি দেখা গেলেও কাউকে গ্রেপ্তার করা হবে না বলে একজন কর্মকর্তা সিএনএনকে জানান।

এর আগেও ডিডব্লিউএস এর বিরুদ্ধে কথিত ‘গ্রিনওয়াশিং’- এর অভিযোগে উঠলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পদত্যাগ করেন।

তবে এর নতুন সিইও স্টেফান হুপস বৃহস্পতিবারের সভায় ওই বিষয়ে তদন্তে সহযোগিতা করতে শেয়ারহোল্ডারদের বলবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া, কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের কথাও বলবেন তিনি।

ডয়চে ব্যাংকের সদরদপ্তরের বাইরে দাঁড়িয়ে থাকা গ্রিনপিস ফাইনান্স বিশেষজ্ঞ মৌরিসিও ভার্গাস বলেছেন, ডিডব্লিউএস এর কেলেংকারি ডয়চে ব্যাংকেরই কেলেংকারি।

বৃহস্পতিবারের সভায় তিনিও বিষয়টি তুলবেন বলে জানান। এ বিষয়ে ডিডব্লিউএস এক বিবৃতিতে বলেছে, জলবায়ু পরিবর্তনের জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা গ্রিনপিসের সঙ্গে একমত। তবে কীভাবে তা বাস্তবায়ন করা যায় তা নিয়ে তাদের মতবিরোধ রয়েছে।

সম্প্রতি কয়লা কোম্পানির সঙ্গে তাদের নতুন নীতিগত সিদ্ধান্তের বিষয়টিও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।