অধিকৃত ইউক্রেইনের দুটি অঞ্চল সফর করেছেন পুতিন
পুতিন খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে উপস্থিত ছিলেন এবং লুহানস্কের ন্যাশনাল গার্ডের সদরদপ্তর পরিদর্শন করেন।
ইউক্রেইনের দুটি অধিকৃত অঞ্চল, খেরসন ও লুহানস্ক সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে উপস্থিত ছিলেন এবং পূর্বাঞ্চলীয় লুহানস্কের ন্যাশনাল গার্ডের সদরদপ্তর পরিদর্শন করেন।
তবে পুতিন (৭০) কবে এ সফরে সেখানে গিয়েছিলেন বিবৃতিতে তা বলা হয়নি।
পুতিন এয়ারবোর্ন বাহিনী, নিপার আর্মি গ্রুপের কমান্ডারদের পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের পরিস্থিতি নিয়ে তাদের তৈরি করা প্রতিবেদন শোনেন।
পুতিন কমান্ডারদের বলেন, “পরিস্থিতি কীভাবে বিকশিত হচ্ছে সে বিষয়ে আপনাদের মতামত শোনা, তথ্য বিনিময় করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।”
খেরসন, জাপোরিজিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক, গত সেপ্টেম্বরে এক গণভোটের মাধ্যমে এই চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেন পুতিন। তবে ওই গণভোটকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছে কিইভ ও এর পশ্চিমা মিত্ররা।
এই চারটি অঞ্চলের অধিকাংশই এখন রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণে আছে।
গত নভেম্বরে রাশিয়ার বাহিনীগুলো খেরসন অঞ্চলের একই নামের রাজধানী খেরসন শহর থেকে পিছু হটার পর নিপার নদীর অপর তীরে অবস্থান নিয়ে তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে। তারা ইউক্রেইনীয় বাহিনীর পাল্টা হামলার প্রতীক্ষায় আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৪ মাস আগে রাশিয়ার বাহিনীগুলো প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করার পর থেকে ইউক্রেইনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে বহু পশ্চিমা নেতা কিইভ সফর করেছেন। একই সময় রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেইনীয় অঞ্চলগুলো সফরে পুতিন খুব কমই গিয়েছেন।
গত মাসে পুতিন ক্রাইমিয়া এবং দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মারিউপোল সফর করেছিলেন। ২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে ক্রাইমিয়া উপদ্বীপকে নিজেদের ভূখণ্ডভুক্ত করে নেয় রাশিয়া।
আরও পড়ুন:
