তালেবানকে নারীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তাগিদ জাতিসংঘের
নারীদের এনজিওতে কাজের উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে তা আফগানিস্তানে পরিচালিত মানবিক কার্যক্রমের উপর তাৎক্ষণিক এবং গুরুতর প্রভাব ফেলবে।
আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার খর্ব করার যে নীতি তালেবান সরকার গ্রহণ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।
গত সপ্তাহে তালেবান সরকার আফগানিস্তানের নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং এনজিওতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করে।
মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ তারা আগেই বন্ধ করে দিয়েছিল।
বিবিসি জানায়, এভাবে নারী শিক্ষার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপকে ‘গভীর শঙ্কার’ বলে বর্ণনা করেছে ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিল।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সর্বশেষ যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ‘সেগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে’।
এদিকে নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ‘আফগানিস্তানে সমাজের সব স্তরে নারী ও মেয়েদের সম্পূর্ণ, সমান এবং অর্থপূর্ণ অংশগ্রহণের সুযোগ দেওয়ার’ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে তালেবানের প্রতি ‘মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়ার এবং যেসব নীতি ও অনুশীলন মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতি সম্মানকে ক্রমাগত ক্ষয় করে ফেলছে সেগুলোকে দ্রুত পাল্টে ফেলার’ তাগিদও দিয়েছে।
এনজিওতে নারীদের কাজের উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ‘তা দেশটিতে পরিচালিত মানবিক কার্যক্রমের উপর তাৎক্ষণিক এবং গুরুতর প্রভাব ফেলবে’ বলেও ওই বিবৃতিতে সতর্ক করা হয়।
এক টুইটে গুতেরেস বলেন, সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো ‘অযৌক্তিক মানবাধিকার লঙ্ঘন’।
‘‘নারী ও মেয়েদের বাদ দেওয়া এবং চুপ করিয়ে দেওয়ার পদক্ষেপগুলি অপরিসীম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তা আফগান জনগণের সম্ভাব্যতায় বড় ধরনের ধাক্কা।”
নারীদের এনজিওতে কাজের উপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই আফগানিস্তানে অন্তত পাঁচটি বৃহৎ আন্তর্জাতিক এনজিও তাদের কার্যক্রম স্থগিত করেছে।
তাদের মধ্যে কেয়ার ইন্টারন্যাশনাল, দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এব সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ‘নারী কর্মীদের ছাড়া’ তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে না।
দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আর ইসলামিক রিলিফ কর্তৃপক্ষ বলেছেন, তাদের বেশিরভাগ কাজ বন্ধ রয়েছে।
