খেরসনে রাশিয়ার জোর লড়াই, পালাচ্ছে মানুষ
রুশ বাহিনীর তুমুল গোলাবর্ষণের মুখে বড়দিনের সময় থেকে ৪শ’রও বেশি মানুষ ইউক্রেইনের খেরসন নগরী ছেড়ে গেছে।
ইউক্রেইনের দক্ষিণাঞ্চলে গত মাসেই রাশিয়ার দখলমুক্ত হওয়া খেরসন নগরীতে তুমুল মর্টার ও গোলা হামলা শুরু করেছে রুশ বাহিনী। হামলা থেকে বাঁচতে নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় খেরসনের বেসামরিক বিভিন্ন নিশানায় একাধিক রকেট লাঞ্চার থেকে ৩৩ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেইনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সকালের খবরে একথা বলেছে।
তবে রাশিয়া বেসামরিক নিশানায় আঘাত হানার কথা অস্বীকার করেছে। রুশ বাহিনীর তুমুল গোলাবর্ষণের মুখে বড়দিনের সময় থেকে ৪শ’রও বেশি মানুষ খেরসন ছেড়ে গেছে।
গত মঙ্গলবার একটি মাতৃসদন হাসপাতালে গোলা হামলায় কেউ আহত না হলেও মানুষের আতঙ্ক বেড়ে গেছে। শত শত মানুষ নিজেরা নিজেরাই পালিয়ে যাচ্ছে। খেরসন থেকে বেরিয়ে যাওয়ার পথের চেকপয়েন্টগুলোতে দেখা যাচ্ছে সারি সারি গাড়ি।
এসব গাড়িতে আছেন নগরীর ভীত, সন্ত্রস্ত অধিবাসীরা। এক অধিবাসী বিবিসি সাংবাদিকদেরকে বলেন, “আমরা আর এ পরিস্থিতিতে থাকতে পারছি না। তীব্র গোলা হামলা হচ্ছে। আমরা পুরো সময়টাই এখানে ছিলাম এবং ভেবেছিলাম এই দুর্যোগ পার হয়ে যাবে এবং আমরা বেঁচে যাব। কিনতু আমাদের পাশের বাড়িতেই গোলা পড়ল। আমার বাবার বাড়িতেও গোলা পড়েছে।”
মাত্র গত মাসেই খেরসনে ছিল রুশ বাহিনীর দখলমুক্ত হওয়ার আনন্দ। রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর দ্বিতীয় দিনেই খেরসন নগরী দখল করে নিয়েছিল। পরে ১১ নভেম্বরে রুশ সেনারা এ নগরী থেকে পিছু হটলে সেটি আবার দখলে নেয় ইউক্রেইনীয় বাহিনী।
রুশ দখলমুক্ত খেরসনে উড়ানো হয় ইউক্রেইনের পতাকা। এরপর বড়দিনের আগের সন্ধ্যাতেই নগরীটিতে মর্টার হামলা হয়। এতে ১১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়।
ওইদিন খেরসনে ৪১ বার মর্টার হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন সরকার। রুশ বাহিনী নিপ্রো নদীর বাম (পূর্ব) তীর থেকে গোলা হামলা চালাচ্ছে। খেরসন থেকে রুশ বাহিনী সরে গিয়েছিল সেদিকেই।
খেরসন ছাড়াও ইউক্রেইনের নিয়ন্ত্রণাধীন বাখমুত নগরীতেও তুমুল লড়াই চলছে। নগরীটির বেশিরভাগই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বুধবার ইউক্রেইন জুড়েই বাজতে শোনা গেছে বিমান হামলার সাইরেন।
খেরসনে এখনও রয়ে গেছে লাখো মানুষ। তবে এ সপ্তাহে অন্তত দুইবার আঞ্চলিক প্রশাসন থেকে তাদেরকে নগরী ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
