২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সের জাহাজে চীনা জাহাজের ধাক্কা দেওয়ার অভিযোগ ম্যানিলার

ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক আদান-প্রদান জোরদার হতে থাকার প্রেক্ষাপটে এ বছর চীন এবং ফিলিপিন্সের মধ্যে সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে।

ফিলিপিন্সের জাহাজে চীনা জাহাজের ধাক্কা দেওয়ার অভিযোগ ম্যানিলার

ছবি: বিবিসি ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:33 PM

Updated : 22 Oct 2023, 07:33 PM

দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি রসদ সরবরাহকারী জাহাজে চীনা কোস্ট গার্ডের জাহাজের আচমকা ধাক্কা দেওয়ার অভিযোগ করেছে ম্যানিলা।

ফিলিপিন্সের একটি জাহাজ রোববার সেকেন্ড টমাস শোল দ্বীপে দেশটির একটি ফাঁড়ির দিকে যাওয়ার পথে ছিল। সে সময় জাহাজটিকে চীনের বাধাদানের বিপজ্জনক প্রক্রিয়া ফিলিপিন্সের জাহাজের ক্রুদের নিরাপত্তা বিপন্ন করেছে বলে অভিযোগ করেছে ম্যানিলা।

বিবিসি জানায়, একইদিনে সেকেন্ড টমাস শোল দ্বীপের কাছে দ্বিতীয় আরেক ঘটনায় চীনের একটি মিলিশিয়া জাহাজ আচমকা ফিলিপিন্সের একটি কোস্টগার্ড জাহাজকে ধাক্কা দেয় বলে অভিযোগ করেছে ফিলিপিনো কর্তৃপক্ষ।

তবে ফিলিপিন্স ইচ্ছাকৃতভাবে সমস্যা উস্কে দিচ্ছে বলে চীন পাল্টা অভিযোগ করেছে।

শোল দ্বীপ ঘিরে নিয়মিতই চীন এবং ফিলিপিন্সের জাহাজের ইঁদুর-বিড়াল খেলা চলে। দ্বীপটিতে ঘাঁটি গেড়ে থাকা ফিলিপিনো সেনা এবং নৌবাহিনীর জাহাজের জন্য প্রতিমাসেই সেখানে নিয়ে যেতে হয় রেশন।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ওই অঞ্চলে চীন ও ফিলিপিন্সের মধ্যে উত্তেজনা বেড়েছে।ফিলিপিনো কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালের জুনে প্রেসিডেন্ট ফার্দিন্যান্দ মার্কোসের ক্ষমতা নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে ফিলিপিন্সের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা নেওয়ার পর থেকে চীন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে।

ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক আদান-প্রদান জোরদার হতে থাকার প্রেক্ষাপটে এ বছর চীন এবং ফিলিপিন্সের মধ্যে সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে। তার ওপর দক্ষিণ চীন সাগরে গত সেপ্টেম্বরে ফিলিপিনো জেলে নৌকা ঠেকাতে চীনের বেড়া বসানো এবং ফিলিপিন্সের সেই বেড়া সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে বেইজিং-ম্যানিলা উত্তেজনা তুঙ্গে উঠেছে।