২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা গুপ্তচর বেলুন নিরাপত্তায় বড় হুমকি নয়: বাইডেন

চীনা নজরদারি বেলুন নিয়ে আইনপ্রণেতাদের সমালোচনার মুখে সুর বদলালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রয়টার্স

Published : 10 Feb 2023, 09:07 PM

Updated : 10 Feb 2023, 10:00 PM

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ‘নজরদারি বেলুন’ প্রসঙ্গে চীনকে কিছুটা আক্রমণ করেই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই চীনা বেলুন নিয়েই সুর বদলালেন তিনি।

বললেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে আসা চীনা বেলুন দেশের নিরাপত্তায় বড় ধরনের কোনও লঙ্ঘন বা হুমকি সৃষ্টি করেনি।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ওড়ার ঘটনা নিয়ে কয়েকজন আইনপ্রণেতার সমালোচনার মুখে বাইডেন এমন কথা বলেছেন।

ঘটনাটি নিয়ে তিনি বলেন, “আমি বলতে চাইছি… দেখুন এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমাদের আকাশসীমায় চলে এসেছিল চীনা বেলুন। এটা আমাদের আকাশসীমা। এখানে কিছু এলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি।”

চীনের সঙ্গে ঘটনাটি নিয়ে আলাপচারিতা চালিয়ে যাওয়ার চেষ্টা নিয়েছেন বাইডেন। দুই দেশের মধ্যে উত্তেজনা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেটিই তার লক্ষ্য।

তবে আমেরিকান-স্প্যানিশ ভাষার টিভি নিউজ প্রোগ্রাম ‘নোতিসিয়াস তেলেমুনদো’-তে এক সাক্ষাৎকারে বাইডেন একথাও জানিয়ে দিয়েছেন যে, চীনা বেলুনটিকে দ্রুতই ভূপাতিত করার বিষয়টি নিয়ে তার কোনও অনুতাপ নেই।

তিনি বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন ছিলেন যে, বেলুনটি ভূপাতিত করা হলে সেটির অবশেষ নেমে এসে নিচের জনবসতিতে ক্ষতির কারণ হতে পারে।

“এ বিষয়টি একটি বিরাট ব্যাপার। বেলুনের ধ্বংসাবশেষ কোনও পল্লী এলাকার স্কুলের ওপর পড়লে কী হত? মাটিতে এসে পড়লে কী হত? তখন আমি তাদেরকে বলেছিলাম যত দ্রুত তারা এটিকে ভূপাতিত করতে পারে, ভূপাতিত করুক। তারা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে। তারা এটিতে পানিতে ভূপাতিত করেছে। তারা এটির অংশবিশেষ উদ্ধার করছে। আর সেগুলোও ভাল আছে,” বলেন বাইডেন।

গত ২ ফেব্রুয়ারিতে বাইডেন বেলুনটিকে ভূপাতিত করার নির্দেশ দেন। তবে বেলুনটি পানির ওপরে অবস্থান না করা পর্যন্ত এটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সামরিক বাহিনীর অনুরোধে তিনি রাজি হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা বেলুনকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গত শনিবার আটলান্টিক মহাসাগরে নামায় বাইডেন প্রশাসন। প্রথম থেকেই অভিযোগ ছিল, গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চীনের গুপ্তচর বেলুন।

যুক্তরাষ্ট্রের পর পরই ল্যাটিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল এমন বেলুন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কের আরও অবনতি হয়েছে। চীনে নির্ধারিত সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন।

যদিও চীন বেলুন দিয়ে গুপ্তচরবৃত্তি করার কথা অস্বীকার করে বলে আসছে আবহাওয়া পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্যই বেলুনটি ব্যবহার করা হয়েছে। সেটি উড়তে উড়তে হাওয়ায় কোনওভাবে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা পরে জানান, চীনের সামরিক বাহিনীর নজরদারি মিশনে গুপ্তচরবৃত্তির জন্য বেলুনটি ব্যবহার করা হয়েছিল বলেই তাদের বিশ্বাস। তবে চীন এমন কোনও নজরদারি মিশনের ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে।