২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যাপ্ত ক্লাস্টার বোমা আছে, প্রয়োজন হলে ব্যবহার করবো: পুতিন

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পর্যাপ্ত ক্লাস্টার বোমা আছে, প্রয়োজন হলে ব্যবহার করবো: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 04:12 PM

Updated : 16 Jul 2023, 04:12 PM

রাশিয়ার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস্টার বোমা আছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেইনে তার সেনাদের বিরুদ্ধে এ ধরনের বোমা ব্যবহৃত হলে মস্কোও মজুদে থাকা মারাত্মক ওই যুদ্ধাস্ত্র ব্যবহারের অধিকার রাখে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারটির কিছু অংশ রোববার প্রকাশিত হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনের চাহিদার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদেরকে ক্লাস্টার বা গুচ্ছ বোমা দিতে রাজি হয়েছে।

এই ক্লাস্টার বোমা মূলত তার ভেতর অসংখ্য ছোট ছোট বোমা ধারণ করে রাখে। ছোড়ার পর বিস্তৃত জায়গাজুড়ে এই ছোট বোমাগুলো ছড়িয়ে দেওয়া হয়।

এই ছোট বোমাগুলোর উল্লেখযোগ্য একটি অংশ তাৎক্ষণিকভাবে না ফেটে অনেকদিন ধরে মাটিতে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে। পরে হুটহাট বিস্ফোরিত হয়।

এসব কারণে ক্লাস্টার বোমায় বেসামরিক হতাহতের শঙ্কা বেশি থাকে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাল্টা আক্রমণ চলাকালে ইউক্রেইনের কাছে থাকা গোলা ফুরিয়ে আসায় অন্তর্বর্তী সময়ের জন্য তারা এই ক্লাস্টার বোমা কিইভকে দিচ্ছে।

কিইভ বলছে, তারা হরেদরে এই ক্লাস্টার বোমা ব্যবহার করবে না, কেবল যেসব স্থানে বিপুল পরিমাণ রুশ সেনা থাকবে সেখানেই এই মারণাস্ত্র ব্যবহার করা হবে।

বিশ্বের ১২০টির বেশি দেশে এই বোমা নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেইনে নিষিদ্ধ নয়।

“অবশ্যই (ক্লাস্টার বোমা) ব্যবহার করবো। তারা যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, আমাদেরও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে,” সাক্ষাৎকারে বলেছেন পুতিন।

তবে রাশিয়ার এ প্রেসিডেন্ট বলেছেন, ক্লাস্টার বোমার ব্যবহারকে অপরাধ বলেই মনে করেন তিনি। যে কারণে এতদিন তিনি ইউক্রেইনে এই বোমা ব্যবহার করেননি।

কিন্তু প্রয়োজন হলে, মস্কোকে তো পাল্টা জবাব দিতেই হবে, বলেছেন তিনি।

“উল্লেখ করতে চাই, রুশ ফেডারেশনের মজুদে বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমা পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা এখনো সেগুলো ব্যবহার করিনি। কিন্তু অবশ্যই তারা যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, আমাদেরও সামঞ্জস্যপূর্ণ পাল্টা প্রতিক্রিয়া দেখানোর অধিকার রয়েছে,” বলেছেন পুতিন।