অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই কপ্টারের সংঘর্ষে নিহত ৪
সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি মাটিতে আছড়ে পড়ে।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট অঞ্চলে জনপ্রিয় এক পর্যটন কেন্দ্রের কাছে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সি ওয়ার্ল্ড থিম পার্কের কাছে এ দুর্ঘটনার পর স্থানীয় সময় দুপুর ২টার দিকে জরুরি পরিষেবা কর্মীদের ডাক পড়ে বলে কুইন্সল্যান্ড পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“সংঘর্ষের পর দুটি কপ্টারই মাটিতে আছড়ে পড়ে। ফলশ্রুতিতে ৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন,” সংবাদ ব্রিফিংয়ে বলেছেন কুইন্সল্যান্ড পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক গ্যারি ওরেল।
কেন এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো।
