বন্যার এক সপ্তাহ পরও ভেসে আসছে লাশ
দেরনার বাতাসে ভাসছে পচা লাশের গন্ধ।
লিবিয়ার পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের পর প্রচণ্ড বৃষ্টিপাতে বাঁধ ভাঙা বন্যায় দেরনা নগরী লণ্ডভণ্ড হয়ে যাওয়ার এক সপ্তাহ পর এখনও সাগরের পানিতে তীরে ভেসে আসছে লাশ। আর ভয়ঙ্কর বন্যায় সব হারানো দুর্গতদের ত্রাণ দেওয়ার চেষ্টা চললেও তা পর্যাপ্ত না হওয়ায় ক্ষোভ বাড়ছে।
শুক্রবারও শত শত লাশ পাওয়ার কথা জানিয়েছেন মাল্টা থেকে যাওয়া উদ্ধারকারীরা। বুধবার ৭২ সেনা সদস্যের উদ্ধারকারী দল পাঠায় মাল্টা। চারজন উদ্ধারকারীর একটি দল একটি গুহার ভেতরে প্রাথমিকভাবে সাতটি লাশ পেয়েছে।
এরপর ছোট্ট একটি খাঁড়িতে তারা খুঁজে পেয়েছে আরও কয়েকশ মৃতদেহ। উদ্ধারকারী দলটির প্রধান বলেছেন, “লাশের সংখ্যা সম্ভবত প্রায় ৪০০ হবে। ঠিক কত তা বলা মুশকিল।”
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানিয়েছেন, দেরনার বাতাসে ভাসছে পচা লাশের গন্ধ। দুর্গতদের জন্য নিরাপদে ত্রাণ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চললেও বন্যায় সবকিছু হারানো মানুষদেরকে আশ্বস্ত করতে তা যথেষ্ট হচ্ছে না।
অধিবাসীদের অনেকেই অসহায় এবং উপেক্ষিত বোধ করছেন। ত্রাণ দিতে আসা কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কেউ কেউ। একজন চীৎকার দিয়ে বলে ওঠেন “তারা এখানে কেন?” জনমনে অসোন্তাষ বাড়ছে এবং এক পর্যায়ে তা ফুঁসে ওঠার আশঙ্কা আছে। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
